দুইবার এগিয়ে গিয়েও সিটির সঙ্গে পয়েন্ট ভাগাভাগি লিভারপুলের

স্পোর্টস ডেস্ক

অসাধারণ নৈপুণ্যে ম্যানচেস্টার সিটির বিপক্ষে লিভারপুলকে দুবার এগিয়ে দেওয়ায় অবদান রাখলেন মোহামেদ সালাহ। একটি গোল করলেন। অপরটি করালেন। কিন্তু তারপরও লিড ধরে রাখতে পারেনি দলটি। দারুণ লড়াই চালিয়ে ঘুরে দাঁড়ায় ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। তাতে অ্যানফিল্ড থেকে মূল্যবান এক পয়েন্ট নিয়ে ফিরল সিটিজেনরা।

রোববার ঘরের মাঠ অ্যানফিল্ডে রোমাঞ্চকর লড়াইয়ে ম্যানচেস্টার সিটির সঙ্গে ২-২ গোলে ড্র করেছে লিভারপুল। মিশরীয় ফরোয়ার্ড সালাহ ছাড়া স্বাগতিকদের অপর গোলটি করেন সাদিও মানে। সিটির হয়ে লক্ষ্যভেদ করেন ফিল ফোডেন ও কেভিন ডি ব্রুইনা।

জয় পেলেই লিগের পয়েন্ট তালিকার শীর্ষে উঠতে পারত ইয়ুর্গেন ক্লপের লিভারপুল। একই সুযোগ ছিল পেপ গার্দিওলার সিটিরও। কিন্তু শেষ পর্যন্ত ড্র হওয়ায় কেউই টপকাতে পারেনি চেলসিকে। সাত ম্যাচ শেষে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ব্লুজরা। সমান ম্যাচে এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে লিভারপুল। গোল ব্যবধানে এগিয়ে তৃতীয় স্থানে থাকা সিটির পয়েন্ট সাত ম্যাচে ১৪।

ম্যাচে প্রায় সমানতালে লড়াই করে দুদল। তবে স্বাগতিকদের চেয়ে আক্রমণ কিছুটা বেশি করে সিটি। গোলমুখে মোট ১২টি শট নেয় তারা। যার চারটি ছিল লক্ষ্যে। অন্যদিকে ছয়টি শট নিয়ে তিনটি লক্ষ্যে রাখে লিভারপুল।

ম্যাচের চারটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। গোলশূন্য প্রথমার্ধের পর ৫৯তম মিনিটে অলরেডদের এগিয়ে দেন সেনেগালিজ ফরোয়ার্ড মানে। অবশ্য গোলের মূল কৃতিত্ব সালাহরই। নিজেদের অর্ধ থেকে বল নিয়ে এগিয়ে ডি-বক্সে ফাঁকায় থাকা মানেকে পাস বাড়ান তিনি। ডান প্রান্তে বল ধরে কোণাকুণি শটে লক্ষ্যভেদ করেন মানে।

দশ মিনিট পরই সমতায় ফেরে সিটি। বেলজিয়ান মিডফিল্ডার ডি ব্রুইনার কাছ থেকে বল পেয়ে প্রতিপক্ষের দুই খেলোয়াড়কে কাটিয়ে আরও দুই খেলোয়াড় মাঝ দিয়ে ফাঁকায় থাকা ফোডেনকে নিখুঁত এক পাস দেন গ্যাব্রিয়েল জেসুস। বাঁ প্রান্তে বল পেয়ে দারুণ শটে গোলরক্ষক অ্যালিসনকে ফাঁকি দিয়ে বল জালে পাঠাতে কোনো ভুল হয়নি ইংলিশ মিডফিল্ডার ফোডেনের।

৭৬তম মিনিটে ফের এগিয়ে যায় লিভারপুল। কার্টিস জোন্সের কাছ থেকে বল পেয়ে সিটির দুই খেলোয়াড়কে কাটিয়ে ডি-বক্সে ঢুকে আরও একজনকে ধাঁধায় ফেলে দুরূহ কোণ থেকে গোলরক্ষক এদারসনকে পরাস্ত করে ডান পায়ের শটে দর্শনীয় গোল করেন তিনি।

তবে পাঁচ মিনিট পরই লিভারপুলের স্বস্তি কেড়ে নেয় শিরোপাধারী সিটি। ডি ব্রুইনার কাছ থেকে বল পেয়ে কাইল ওয়াকারকে দিতে চেয়েছিলেন ফোডেন। সে বল বিপদমুক্ত করতে গিয়ে ডি ব্রুইনার পায়ে তুলে দেয় লিভারপুলের রক্ষণভাগ। ফাঁকায় বল পেয়ে তিনি যে জোরালো শট নেন, তা প্রতিপক্ষের ডিফেন্ডার জোয়েল মাতিপের গায়ে লেগে সামান্য দিক পাল্টে জাল কাঁপায়।

৮৭তম মিনিটে লিভারপুলের পূর্ণ পয়েন্ট প্রাপ্তির আশা নিভিয়ে দেন স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি। নিশ্চিত গোল হজম থেকে দলকে বাঁচান তিনি। ডি-বক্সের বাঁদিকে বল পেয়ে গিয়েছিলেন ফাবিনহো। সালাহর ক্রস ধরতে গিয়ে এদারসন তালগোল পাকিয়ে ফেলায় গোলপোস্ট ছিল একেবারে ফাঁকা। কিন্তু ফাবিনহো বল নিয়ন্ত্রণে নিয়ে শট নিলেও শেষ মুহূর্তে তা প্রতিহত করেন রদ্রি। তাতে সমতায় শেষ হয়েছে দুই পরাশক্তির জমজমাট ম্যাচ।