দেম্বেলেকে বার্সার জার্সি মর্যাদা রক্ষা করতে হবে: আলভেস

ক্রীড়া প্রতিবেদক

গত জানুয়ারিতে সবশেষ শীতকালীন দলবদলে ওসমান দেম্বেলের বার্সেলোনা ছাড়ার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে তিনি থেকে গেছেন ক্যাম্প ন্যুতে। ফ্রান্সের এই তরুণ উইঙ্গারকে তাই চলমান মৌসুমের বাকি অংশেও দেখা যাবে স্প্যানিশ ক্লাবটিতে। যতদিন দেম্বেলে বার্সার হয়ে খেলবেন, ততদিন তাকে কাতালানদের জার্সির মর্যাদা রক্ষা করতে হবে বলে জানিয়েছেন দানি আলভেস।

দেম্বেলের সঙ্গে বার্সেলোনার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে চলতি মৌসুমে। তার সঙ্গে চুক্তি নবায়ন করতে চেয়েছিল ক্লাবটি। কিন্তু পারিশ্রমিক হিসেবে তিনি বিপুল পরিমাণ অর্থ দাবি করায় ভেস্তে গেছে ওই আলোচনা। বরং গত মাসে তার দল ছাড়ার গুঞ্জন মেলেছিল ডালপালা। পিএসজি, ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসিসহ বেশ কয়েকটি বড় ক্লাবের তার ব্যাপারে আগ্রহের কথা শোনা গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত ক্যাম্প ন্যু ছাড়া সম্ভব হয়নি তার পক্ষে।

বার্সায় থেকে গেলেও মৌসুমের বাকি অংশে দেম্বেলের দলে জায়গা পাওয়া নিয়ে রয়েছে সংশয়। তাছাড়া, ক্লাব সভাপতি হোয়ান লাপোর্তা দাবি করেছেন, খোলাসা না করলেও ইতোমধ্যে নিজের পরবর্তী ক্লাবের সঙ্গে পাকা কথা সেরে ফেলেছেন দেম্বেলে। মৌসুম শেষেই বিনা ট্রান্সফার ফিতে তিনি পাড়ি জমাবেন নতুন ঠিকানায়।

ফলে বিশ্বকাপজয়ী দেম্বেলেকে নিয়ে বার্সায় বিরাজ করছে ঘোলাটে পরিস্থিতি। তবে এই অবস্থার মাঝেও দুই পক্ষের সর্বোচ্চ সুবিধা আদায় নিশ্চিত করতে চাইছেন অভিজ্ঞ ব্রাজিলিয়ান ডিফেন্ডার আলভেস। শনিবার স্প্যানিশ গণমাধ্যম মুভিস্টারকে দেম্বেলের এই ক্লাব সতীর্থ বলেছেন, 'তার (দেম্বেলের) এখানে থাকায় সুবিধাটা আমাদের গ্রহণ করতে হবে। এই পরিস্থিতিতে আমাদের কৌশলী হতে হবে। আমাদের বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে এবং যেহেতু সে (দেম্বেলে) এখানে আছে, সেহেতু তাকে কাজে লাগাতে হবে।'

দেম্বেলের প্রতি দ্বিতীয় দফায় বার্সায় যোগ দেওয়া আলভেসের পরামর্শ, 'ফুটবলে এই ধরনের বিষয়গুলো (ক্লাবের সঙ্গে বনিবনা না হওয়া) ঘটে থাকে। তবে যতদিন সে (দেম্বেলে) এখানে আছে, তাকে বার্সার জার্সির মর্যাদা রক্ষা করতে হবে।'

উল্লেখ্য, ২০১৭ সালে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড থেকে বার্সেলোনায় যোগ দেন দেম্বেলে। কিন্তু বারবার চোটে পড়ার কারণে ক্যাম্প ন্যুতে প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে পারেননি তিনি। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত মাত্র ১১টি ম্যাচে অংশ নিতে পেরেছেন তিনি। নিজে গোল করেছেন একটি, সতীর্থদের দিয়ে করিয়েছেন দুটি।