পগবার বিশ্বকাপ জয়ের পদক চুরি

স্পোর্টস ডেস্ক

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে খেলছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের পল পগবা। ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতা এই মিডফিল্ডারের স্ত্রী ছিলেন গ্যালারিতে। তাদের দুই শিশু সন্তানকে দেখাশোনা করার জন্য ছিলেন কেবল একজন আয়া। সেসময়ই তাদের বাসায় হানা দেয় একদল দুর্বৃত্ত। আরও অনেক কিছুর সঙ্গে তারা চুরি করে নিয়ে গেছে পগবার বিশ্বকাপ জয়ের পদকও।

ফরাসি গণমাধ্যম লা ফিগোরার কাছে ২৯ বছর বয়সী পগবা মঙ্গলবার বলেছেন, 'চোরেরা আমার মায়ের স্বর্ণালঙ্কার নিয়ে গেছে। আমার বিশ্বকাপ জয়ের পদকও চুরি করেছে তারা।'

২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ফ্রান্স। শিরোপা নির্ধারণী ম্যাচে দলের পক্ষে তৃতীয় গোলটি করেছিলেন পগবা। আঁতোয়ান গ্রিজমান, কিলিয়ান এমবাপেদের সঙ্গে তিনিও আসরজুড়ে উপহার দিয়েছিলেন নজরকাড়া নৈপুণ্য।

গত সপ্তাহে অ্যাতলেতিকোর বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ফিরতি লেগে ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে হেরে যায় ইউনাইটেড। আসর থেকে বিদায়ের পর আরেকটি দুঃসংবাদ জানতে পারেন পগবা। চুরি হওয়ার ঘটনায় ভীষণ ভয় পেয়ে গিয়েছিলেন তিনি। কারণ, বাসায় তখন ছিল তার সন্তানেরা। চোরদের উপস্থিতি টের পেয়ে ওই আয়া কীভাবে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করেন, সেটাও বর্ণনা করেছেন পগবা, 'আমি সবচেয়ে ভয় পেয়েছিলাম এটা ভেবে যে ঘটনার সময় আমার দুই সন্তান আয়ার সঙ্গে বাড়িতে ছিল। তিনি সব কিছু টের পেয়ে আমার স্ত্রী ও নিরাপত্তাকর্মীদের ফোন করে জানান। তারপর বাচ্চাদের নিয়ে একটি ঘরে দরজা বন্ধ করে ছিলেন। তিনি হতভম্ব হয়ে পড়েছিলেন। কাটিয়ে উঠতে কয়েক দিন সময় লেগেছে তার।'

চোরেরা গুরুত্বপূর্ণ সব জিনিসপত্র চুরি করলেও বাচ্চাদের কোনো ক্ষতি না হওয়ায় স্বস্তি বোধ করছেন পগবা, 'মূল বিষয় হলো আমার বাচ্চারা ভালো আছে।' 

আইভরিকোস্ট ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রীতি ম্যাচকে সামনে রেখে পগবা বর্তমানে আছেন ফ্রান্সের স্কোয়াডে। ক্লাবের হয়ে সেরা ফর্মে ফিরতে জাতীয় দলের পারফরম্যান্সকে পাখির চোখ করছেন তিনি, '(ক্লাব ফুটবল থেকে সাময়িক) এই বিরতি আমাকে নতুন রোমাঞ্চের রসদ যোগায়। আমি ক্লাবের হয়ে সেরা ফর্মে ফিরে আসার জন্য (জাতীয় দলের হয়ে) মাঠে সময় পেতে চাই। এই জার্সি গায়ে দেওয়া, দেশের প্রতিনিধিত্ব করা- আমার জন্য আগের চেয়ে অনেক বেশি গর্বের উৎস।'