প্লে-অফের সেমিফাইনালের আগে রোনালদোর আবেগঘন বার্তা
সরাসরি কাতার বিশ্বকাপের চূড়ান্ত পর্বের টিকিট না পাওয়া পর্তুগালকে খেলতে হচ্ছে বাছাইপর্বের প্লে-অফে। সেখানে প্রতিটি ম্যাচই বাঁচা-মরার। তুরস্কের বিপক্ষে মাঠে নামার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন বার্তা দিলেন পর্তুগিজ অধিনায়ক ক্রিস্তিয়ানো রোনালদো। সতীর্থদের উদ্দেশ্যে তিনি বললেন, কোনো কিছুই অসম্ভব নয়।
ইউরোপ অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফের সেমিফাইনালে ঘরের মাঠে পোর্তোর ড্রাগন স্টেডিয়ামে পর্তুগালের প্রতিপক্ষ তুরস্ক। বৃহস্পতিবার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে শুরু হবে ম্যাচটি।
দাপটের সঙ্গে খেলে চললেও বয়স ৩৭ পেরিয়ে যাওয়া রোনালদো পৌঁছে গেছেন ক্যারিয়ারের সায়াহ্নে। কাতার বিশ্বকাপে পর্তুগাল জায়গা করে নিতে না পারলে আর কখনও হয়তো তাকে দেখা যাবে না ফুটবলের সর্বোচ্চ আসরের মঞ্চে। ২০২৬ সালে অনুষ্ঠেয় পরবর্তী বিশ্বকাপের সময় তার বয়স ছাড়িয়ে যাবে ৪১ বছর। ততদিন পর্যন্ত তার খেলা চালিয়ে যাওয়া অসম্ভব না হলেও সম্ভাবনা বেশ ক্ষীণ।
সংশয়ের দোলাচল সামনে থাকলেও ভক্ত-সমর্থকদের উদ্দেশ্যে রোনালদো বলেছেন তাদের ওপর আস্থা রাখতে, 'আমাদের ওপর বিশ্বাস রাখুন, আমাদের বেছে নেওয়া দলটার ওপর বিশ্বাস রাখুন। আমরা আপনাদের সমর্থনের সমতুল্য প্রতিদান দেওয়ার জন্য সব কিছু করব। চলো পর্তুগাল!'
পর্তুগালের স্কোয়াডে তারকা খেলোয়াড়ের কমতি নেই। প্রয়োজনের মুহূর্তে তাদেরকে নিজেদের সেরাটা নিংড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী রোনালদো, 'পর্তুগালের নাম উঁচুতে তোলো, পর্তুগিজদের সবার জন্য আনন্দ ও গর্ব নিয়ে আসো, আমাদের তরুণদের দেখাও যে কোনো কিছুই অসম্ভব নয়!'
আন্তর্জাতিক ও ক্লাব ফুটবলের ইতিহাসে সবচেয়ে বেশি গোলের মালিক এবং ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড রোনালদোর কাছে জাতীয় দলের হয়ে খেলার মাহাত্ম্যই আলাদা, 'এটা কোনো গোপন বিষয় নয়। দেশের প্রতিনিধিত্ব করা আমার জন্য সব সময়ই একটি বিশেষ মুহূর্ত।'
তুরস্ককে হারাতে পারলেও কাজ শেষ হচ্ছে না পর্তুগালের। এই বাধা পেরোনোর পর প্লে-অফের ফাইনালে তাদেরকে মোকাবিলা করতে হবে ইতালি অথবা উত্তর মেসিডোনিয়াকে। আরেক সেমিতে এই দুটি দল লড়াই করবে নিজেদের মধ্যে।
পর্তুগালের কোচ ফার্নান্দো সান্তোস অবশ্য তুরস্কের বিপক্ষে মাঠে নামার আগে পেয়েছেন বেশ কয়েকটি দুঃসংবাদ। চোটের কারণে ছিটকে গেছেন রুবেন দিয়াস ও পেপে। এর অর্থ দুই নিয়মিত সেন্টার-ব্যাককে ছাড়াই খেলতে হবে ২০১৬ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপাজয়ীদের। নিষেধাজ্ঞার কারণে নেই আরেক ডিফেন্দার জোয়াও ক্যান্সেলো ও মিডফিল্ডার রেনাতো সানচেস।