বার্সার ১১ খেলোয়াড় ইনজুরিতে

স্পোর্টস ডেস্ক

তিন গোলে এগিয়ে থেকেও নাটকীয়ভাবে আগের দিন সেল্টা ভিগোর বিপক্ষে জিততে পারেনি বার্সেলোনা। স্বাভাবিকভাবেই হতাশ দলটি। তবে দলটির জন্য আরও বড় দুঃসংবাদ ফের ইনজুরিতে পড়েছেন দলের তরুণ তারকা আনসু ফাতি। একই দিনে ইনজুরিতে পড়েছেন এরিক গার্সিয়া ও নিকো গঞ্জালেজও। ফলে এ নিয়ে মাঠের চলে গেলেন বার্সার মোট ১১ জন খেলোয়াড়।

লা লিগায় ম্যাচে শনিবার রাতে রোমাঞ্চকর লড়াইয়ে প্রতিপক্ষের মাঠে ৩-৩ গোলে ড্র করেছে বার্সা। ম্যাচের প্রায় শুরুতেই আনসু ফাতির গোলে এগিয়ে যায় তারা। এরপর সের্জিও বুসকেতস ও মেমফিস ডিপাইয়ের গোলে ব্যবধান আরও বাড়ায় তারা। কিন্তু এরপর নাটকীয়ভাবে ঘুরে দাঁড়িয়ে ইয়াগো আসপাসের জোড়া গোল ও নলিতোর গোলে সমতায় শেষ হয় ম্যাচটি।

প্রায় এক বছরের মতো মাঠের বাইরে থাকা ফাতি ম্যাচের প্রথমার্ধে বল দখলের লড়াইয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পান। যে কারণে দ্বিতীয়ার্ধে আর মাঠে নামতে পারেননি তিনি। পরে পরীক্ষা-নিরীক্ষার পর এক টুইটার বার্তায় তার ইনজুরি কথা নিশ্চিত করেছে ক্লাবটির মেডিক্যাল টিম। তবে ঠিক কবে নাগাদ ফিরতে পারবেন এ নিয়ে কোনো কিছু জানায়নি ক্লাবটি।

ক্লাব থেকে কিছু না জানালেও স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, প্রায় ৫ সপ্তাহের মতো মাঠের বাইরে থাকতে হবে ফাতিকে। যে কারণে ২০২২ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে জন্য স্পেন স্কোয়াড থেকে নাম প্রত্যাহার করা নেওয়া হয়েছে ফাতির। তার জায়গায় স্পানিওলের রাউল দে টমাসকে অন্তর্ভুক্ত করেছে দলটি।

ফাতির মতো প্রথমার্ধ শেষে মাঠ ছাড়েন গার্সিয়াও। কাফ ইনজুরিতে পড়েছেন তিনি। আর দ্বিতীয়ার্ধে ইনজুরিতে পড়েন গঞ্জালেজ। পেশীর চোটে পড়েছেন এ তরুণ। অথচ দলটি গতকাল ইনজুরির জন্য ৮ জন খেলোয়াড়কে রেখে খেলতে গিয়েছিল। সের্জিনো ডেস্ট, জেরার্দ পিকে, সের্জি রোবার্তো, পেদ্রি, মার্টিন ব্র্যাথওয়েট ও ওসমান দেম্বেলে রয়েছেন ইনজুরিতে। জ্বরের কারণে নেই গোলরক্ষক নেতো। আর অ্যারিথমিয়া বা অনিয়মিত হৃৎস্পন্দনে ভুগছেন সের্জিও আগুয়েরো।

বার্সার জন্য একমাত্র ভালো সংবাদ দলটির দায়িত্ব নিয়েছেন জাভি হার্নান্দেজ। মাঠে নামার আগে আন্তর্জাতিক বিরতির জন্য দুই সপ্তাহ সময় পাচ্ছেন এ কোচ। এরমধ্যে বেশ কিছু খেলোয়াড় সুস্থ হয়ে ফেরার প্রত্যাশা করছে দলটি।