রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, অনেকে আহত
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণে অনেক মানুষ আহত হয়েছেন।
আজ শনিবার এক কূটনৈতিক সূত্রের বরাতে এ তথ্য জানায় বার্তাসংস্থা এএফপি।
হামলার পর বিমানবন্দরের কিছু অংশ থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হয়েছে। তবে সৌদি কর্তৃপক্ষ হামলা বা যাত্রীদের সরিয়ে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেনি।
কূটনৈতিক সূত্রটি এএফপিকে জানায়, ইয়েমেনের ইরান–সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতিরা বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে। শনিবার স্থানীয় সময় দুপুর ৩টার দিকে বিমানবন্দরে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে।
এক প্রত্যক্ষদর্শী জানান, উড়োজাহাজে ওঠার অপেক্ষায় থাকার সময় তিনি বিস্ফোরণের শব্দ শুনতে পান।
আরেক প্রত্যক্ষদর্শী এএফপিকে বলেন, আমি অভ্যন্তরীণ টার্মিনালের ৪০৩ নম্বর গেটে ছিলাম। সেখানে আঘাত হানতে দেখেছি। আমার চোখের সামনে আহতদের দেখেছি। সবাই দৌড়াচ্ছিল।
স্থানীয় একটি হাসপাতালের সূত্র এএফপিকে জানিয়েছে, বিমানবন্দরে আহত হওয়ার পর পাঁচজন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন।
এক আহত ব্যক্তির স্বজন জানান, ওই ব্যক্তি কাচের টুকরোর আঘাতে কাঁধ ও হাতে জখম হয়েছেন। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়।
তিনজন প্রত্যক্ষদর্শী বিমানবন্দর থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বৃহস্পতিবার বিমানবন্দরটি হামলায় ক্ষতিগ্রস্ত হয়। পরে হামলার দায় স্বীকার করে হুতিরা। তবে শনিবার সেখানে নতুন করে হামলার কোনো ঘোষণা দেয়নি ইরান-সমর্থিত গোষ্ঠীটি।
জুলাইয়ে ইয়েমেনের রিয়াদ-সমর্থিত সরকারের সঙ্গে দীর্ঘদিনের যুদ্ধে হুতিদের সঙ্গে হওয়া যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার পর থেকে সৌদি আরবের বিমানবন্দর, তেল স্থাপনা ও ট্যাংকারে বারবার হামলা চালিয়েছে গোষ্ঠীটি।
বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলার বিষয়টি সৌদি কর্তৃপক্ষের স্বীকার করার ঘটনা তুলনামূলকভাবে বিরল। সাম্প্রতিক সপ্তাহগুলোতে হুতিদের হামলা নিয়ে কর্মকর্তারাও খুব কম বিবৃতি দিয়েছেন।

