বার্সেলোনার ভক্তদের প্রতি আলভেসের আবেগঘন বার্তা

স্পোর্টস ডেস্ক

বার্সেলোনার ইতিহাসের সেরা সময়ে দানি আলভেস ছিলেন সাফল্যের অগ্রনায়কদের একজন। পাঁচ বছর পর ক্লাবের দুঃসময়ে আবার ক্যাম্প ন্যুতে ফিরে এসেছেন এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার। চুক্তি সম্পন্ন হয়ে যাওয়ার পর কাতালানদের ভক্ত-সমর্থকদের উদ্দেশ্যে আবেগঘন এক বার্তা দিয়েছেন তিনি।

শুক্রবার রাতে নিজেদের ওয়েবসাইটে আলভেসকে চুক্তিবদ্ধ করার বিষয়টি নিশ্চিত করেছে বার্সা। চলতি মৌসুমের বাকি অংশের জন্য তাকে দলে টানা হয়েছে। অভিজ্ঞ এই ফুটবলার কোচ হিসেবে পাচ্ছেন সাবেক ক্লাব সতীর্থ জাভি হার্নান্দেজকে। বিশ্বকাপজয়ী সাবেক এই স্প্যানিশ মিডফিল্ডার গত সপ্তাহে দায়িত্ব নিয়েছেন জেরার্দ পিকে-সার্জিও বুসকেতসদের।

প্রথম দফায় আট বছর (২০০৮ থেকে ২০১৬ সাল) বার্সায় থাকা আলভেস সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে লিখেছেন, ফেরার জন্য অধীর অপেক্ষায় ছিলেন তিনি, 'এই মুহূর্তটি পাওয়ার জন্য প্রায় পাঁচ বছর পাগলের মতো লড়াই করেছি। আমি জানতাম না যে এটা (বিচ্ছেদ) এত দীর্ঘ হবে। আমি জানতাম না যে এটা এত কঠিন হবে। কিন্তু আমি অন্তর ও আত্মা থেকে জানতাম যে এই দিনটা আসবে।'

বার্সেলোনাকে 'নিজের বাড়ি' হিসেবে উল্লেখ করেছেন তিনি, 'আমি বাড়ি ফিরে এসেছি। কিন্তু আমি আসলে কখনও (মন থেকে এই ক্লাবকে) ছেড়ে যাইনি। আর ছেড়ে যাওয়ার আগেও আমি এটাই বলেছিলাম। আমি তোমাদের একজন। আমি জানি না এই স্বপ্নটা কতদিন টিকবে। কিন্তু যতদিনই টিকে থাকুক না কেন এটা যেন চিরস্থায়ী হয়।'

কঠিন সময় পার করতে থাকা প্রিয় ঠিকানার জন্য নিজের সর্বস্ব নিংড়ে দিতে মুখিয়ে আছেন ৩৮ বছর বয়সী আলভেস, 'আপনাদের সঙ্গে শিগগিরই দেখা হবে সেখানে যে জায়গাটা আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করে, সেই প্রথম ম্যাচের মতো একই উদ্যম নিয়ে এবং বিশ্বের সেরা ক্লাবটির পুনর্গঠনের জন্য সেই পুরনো আকাঙ্ক্ষা নিয়ে। আমি আমার বাড়িতে ফিরে এসেছি।'

আগামী সপ্তাহে ক্যাম্প ন্যুতে যোগ দিয়ে অনুশীলন শুরু করবেন আলভেস। তবে স্প্যানিশ লা লিগার নিয়ম অনুসারে, আগামী বছরের জানুয়ারির আগে বার্সার জার্সিতে মাঠে নামা হচ্ছে না তার।

বার্সেলোনার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৯১ ম্যাচ খেলেছেন আলভেস। গোল করেছেন ২৩টি। ক্লাবটির হয়ে ছয়টি লা লিগা ও তিনটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগসহ অনেক শিরোপা জিতেছেন। সবশেষ তিনি খেলেছেন স্বদেশি ক্লাব সাও পাওলোর হয়ে। তবে বেতন-ভাতা নিয়ে জটিলতায় গত সেপ্টেম্বরে চুক্তি ভেঙে দেন। এরপর থেকে বার্সায় যোগ দেওয়ার আগ পর্যন্ত তিনি ছিলেন ক্লাবহীন।