বিশ্বকাপে ফিরল নেদারল্যান্ডস
তিনবারের ফাইনালিস্ট তারা। আরও দুবার সেমিফাইনালে খেলার অভিজ্ঞতা আছে তাদের। অথচ সেই নেদারল্যান্ডসই সবশেষ রাশিয়া বিশ্বকাপের চূড়ান্ত পর্বে উঠতে ব্যর্থ হয়েছিল। তবে এবার পা হড়কাল না লুই ফন হালের শিষ্যরা। তিন বছর আগের ওই হতাশা ঝেড়ে ফেলে তারা সরাসরি উঠে গেল কাতার বিশ্বকাপের মূল পর্বে।
ইউরোপ অঞ্চলের বাছাইপর্বের 'জি' গ্রুপে হয়েছে ত্রিমুখী লড়াই। সেখানে তুরস্ক ও নরওয়েকে পেছনে ফেলে শেষ হাসি হেসেছে ডাচরা।
মঙ্গলবার রাতে নিজেদের মাঠে নরওয়েকে ২-০ গোলে হারিয়েছে নেদারল্যান্ডস। এতে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে তারা পেয়েছে বিশ্বকাপের টিকিট। একই সময়ে শুরু হওয়া গ্রুপের আরেক ম্যাচে মন্টেনেগ্রোর মাঠে ২-১ গোলে জিতেছে তুরস্ক। তবে তাদেরকে সন্তুষ্ট থাকতে হয়েছে রানার্সআপ হিসেবে।
শেষদিকের দুই গোলে রোমাঞ্চকর জয় পেয়েছে নেদারল্যান্ডস। খোলসে বন্দি থাকা নরওয়ের জালে ৮৪তম মিনিটে বল পাঠিয়ে স্বাগতিকদের এগিয়ে দেন স্টিভেন বার্গউইন। এরপর যোগ করা সময়ের প্রথম মিনিটে তার পাসে ব্যবধান বাড়ান মেমফিস ডিপাই।
শেষ রাউন্ডের ম্যাচের আগে তুরস্কের চেয়ে ২ ও নরওয়ের চেয়ে ৩ পয়েন্টে এগিয়ে ছিল নেদারল্যান্ডস। নিজ নিজ ম্যাচের ফল উপর নির্ভর করে সবারই ছিল বিশ্বকাপে পা রাখার সুযোগ। তবে ডাচরা নিজেদের কাজ ঠিকঠাকভাবে করায় বাকিরা পারেনি শীর্ষস্থান দখল করতে।
১০ ম্যাচে নেদারল্যান্ডসের অর্জন ২৩ পয়েন্ট। সমান ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে তুর্কিরা আছে দুইয়ে। তিনে থাকা নরওয়ের পয়েন্ট ১৮। ১২ পয়েন্ট নিয়ে তাদের পরেই আছে মন্টেনেগ্রো। পঞ্চম স্থানে থাকা লাটভিয়ার পয়েন্ট ৯। ছয় দলের গ্রুপের তলানিতে রয়েছে জিব্রাল্টার। তাদের নামের পাশে কোনো পয়েন্ট নেই।
তুরস্কের বিশ্বকাপে খেলার সম্ভাবনা এখনও টিকে আছে। সেজন্য তাদেরকে অতিক্রম করতে হবে প্লে-অফের বাধা। তবে নরওয়ের সামনে আর কোনো পথ খোলা নেই।
উল্লেখ্য, ইউরোপ অঞ্চলের বাছাইপর্বের ১০ গ্রুপের শীর্ষ ১০ দল আগামী ২০২২ সালের বিশ্বকাপে সরাসরি খেলবে। আর ১০ গ্রুপের রানার্সআপ ও উয়েফা নেশন্স লিগের সেরা দুটি গ্রুপ জয়ীকে নিয়ে হবে ১২ দলের প্লে-অফ। সেখান থেকে আরও তিনটি দল উঠবে বিশ্বকাপে।