বেতন-ভাতা নিয়ে বনিবনা না হওয়ায় জুভেন্তাস ছাড়ছেন দিবালা

স্পোর্টস ডেস্ক

চুক্তি নবায়নের জন্য পাওলো দিবালা ও জুভেন্তাসের মধ্যে আলোচনা চলছিল অনেক দিন ধরে। গত বছরের অক্টোবরে বেতন-ভাতা নিয়ে মৌখিক সম্মতিতেও পৌঁছেছিল দুই পক্ষ। কিন্তু শেষ পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত খুঁজে পেতে ব্যর্থ হলো তারা। তাই আগামী গ্রীষ্মকালীন দলবদলে ফ্রি এজেন্ট হিসেবে জুভেন্তাস ছাড়বেন আর্জেন্টাইন ফরোয়ার্ড দিবালা।

সোমবার ইতালিয়ান গণমাধ্যম ফুটবল ইতালিয়া তাদের এক প্রতিবেদনে জুভেন্তাসের সঙ্গে দিবালার সাত বছরের সম্পর্কের অবসান হতে যাওয়ার খবর দিয়েছে। ২৮ বছর বয়সী এই তারকা তুরিনের বুড়ি খ্যাত ক্লাবটির সঙ্গে নতুন কোনো চুক্তি স্বাক্ষর করবেন না। তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে আগামী জুনে। ফ্রি এজেন্ট হয়ে যাওয়ায় কোনো ট্রান্সফার ফি ছাড়াই নতুন ঠিকানায় পাড়ি জমাতে পারবেন তিনি।

স্বদেশি গণমাধ্যম তুত্তোমার্কাতোওয়েবের বরাতে ফুটবল ইতালিয়া জানিয়েছে, জুভেন্তাসের পরিচালক মাউরিজিও আরিভাবেনে দিবালার সঙ্গে চুক্তি নবায়ন প্রক্রিয়া ভেস্তে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, 'সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জুভেন্তাস পাওলো দিবালার সঙ্গে চুক্তি নবায়ন করেনি।'

স্প্যানিশ গণমাধ্যম মার্কা জানিয়েছে, বেতন-ভাতা নিয়ে মৌখিক সমঝোতা হলেও চুক্তি স্বাক্ষরের বিষয়টি ঝুলে ছিল। প্রাথমিকভাবে বেতন হিসেবে বার্ষিক ৮০ লাখ ইউরো ও পারফরম্যান্সের ভিত্তিতে বোনাস হিসেবে আরও ২০ লাখ ইউরোর প্রস্তাব দেওয়া হয়েছিল দিবালাকে। চার বছরের জন্য অর্থাৎ আগামী ২০২৬ সাল পর্যন্ত চুক্তি বাড়ানোর কথাও বলা হয়েছিল। দিবালা সেসবে রাজী হয়েছিলেন। কিন্তু পরিস্থিতি পাল্টে যায় গত জানুয়ারিতে। ফিওরেন্তিনা থেকে সার্বিয়ান স্ট্রাইকার দুসান ভ্লাহোভিচকে মোটা অঙ্কের পারিশ্রমিক দিয়ে দলে টানে জুভেন্তাস। ফলে দিবালাকে দেওয়া আগের প্রস্তাব রক্ষা করতে পারেনি ক্লাবটি। তারা আগামী তিন বছরের জন্য বেতন হিসেবে বার্ষিক ৭০ লাখ ইউরো দিতে চাইলে তা প্রত্যাখ্যান করেন দিবালা।

ইতালির প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো আরিভাবেনেকে উদ্ধৃত করে বলেছেন যে দিবালার চুক্তির মেয়াদ বাড়াবে না জুভেন্তাস। বেতন-ভাতা নিয়ে নতুন করে কোনো প্রস্তাবও দেওয়া হবে না। এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে।

চলতি মৌসুমের পর দিবালার ভবিষ্যৎ কী হবে তা নির্ধারণ করতে সোমবারই ক্লাব কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসেছিলেন দিবালার এজেন্ট। প্রায় দুই ঘণ্টা আলাপ হয় দুই পক্ষের মধ্যে। কিন্তু চুক্তি নবায়নের ব্যাপারে কোনো সমাধানে পৌঁছাতে পারেননি তারা। জুভেন্তাস অধ্যায়ের ইতি নিশ্চিত হয়ে পড়ায় নতুন ক্লাব খুঁজে নিতে আলোচনা শুরু করতে যাচ্ছেন দিবালার এজেন্ট। ইতোমধ্যে নানা গুঞ্জন ডালপালা ছড়াতে শুরু করেছে। অতীতে দিবালার প্রতি আগ্রহ দেখিয়েছিল ইংলিশ প্রিমিয়ার লিগের লিগের দুই শক্তিশালী দল ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহ্যাম হটস্পার।

উল্লেখ্য, ২০১৫ সালে পালের্মো ছেড়ে ইতালিয়ান সিরি আর সফলতম দল জুভেন্তাসে নাম লেখান দিবালা। সেখানে প্রথম থেকেই গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছেন তিনি। এখন পর্যন্ত তাদের হয়ে পাঁচটি লিগ ও চারটি কোপা ইতালিয়াসহ আরও অনেক শিরোপা জিতেছেন। চলতি মৌসুমে অবশ্য চোটের সঙ্গে লড়াই করতে হচ্ছে তাকে। অনেকটা সময় তিনি ছিলেন মাঠের বাইরে। সব প্রতিযোগিতা মিলিয়ে দিবালা খেলতে পেরেছেন মাত্র ২৯ ম্যাচ। তিনি গোল করেছেন ১৩টি।