ব্রাজিলের জার্সিতে গোল খরা কাটিয়ে আনন্দিত কৌতিনহো

স্পোর্টস ডেস্ক

প্যারাগুয়ের জালে গোল উৎসব করেছে ব্রাজিল। সেলেসাওদের চার গোলের দ্বিতীয়টি এসেছে ফিলিপ কৌতিনহোর পা থেকে। ডি-বক্সের বাইরে থেকে চোখ ধাঁধানো এক শটে জালের ঠিকানা খুঁজে নেন তিনি। এই লক্ষ্যভেদে কেটে গেছে জাতীয় দলের জার্সিতে তার গোল খরা। আর তাতে ভীষণ আনন্দিত বোধ করছেন বার্সেলোনা থেকে গত মাসে ধারে অ্যাস্টন ভিলায় যোগ দেওয়া কৌতিনহো।

বুধবার সকালে বেলো হরিজেন্তেতে কাতার বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে ৪-০ গোল জিতেছে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা ব্রাজিল। প্রথমার্ধে রাফিনহার গোলে স্বাগতিকরা এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করেন কৌতিনহো। বদলি নামা আন্তোনি ও রদ্রিগো ম্যাচের শেষদিকে প্যারাগুয়ের জালে বল পাঠান। ফলে বড় জয় নিশ্চিত হয় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের।

ম্যাচ জুড়ে একচেটিয়া আধিপত্য করা ব্রাজিলকে ৬২তম মিনিটে উল্লাসের দারুণ উপলক্ষ এনে দেন কৌতিনহো। মার্কুইনোসের কাছ থেকে বল পেয়ে একটু সামনে এগিয়ে ৪০ গজ দূর থেকে ডান পায়ে নিখুঁত শট নেন তিনি। ক্রসবার ঘেঁষে বল পৌঁছায় জালে। সফরকারী প্যারাগুয়ের গোলরক্ষক অ্যান্থনি সিলভা সর্বোচ্চ চেষ্টা করেও পারেননি শটটি রুখতে। ২০২০ সালের অক্টোবরের পর ব্রাজিলের জার্সিতে এটাই কৌতিনহোর প্রথম গোল। চলমান বাছাইয়ের প্রথম ম্যাচে বলিভিয়ার বিপক্ষে সেলেসাওদের ৫-০ গোলের জয়ে সবশেষ গোলটি করেছিলেন তিনি।

প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের পর কৌতিনহো জানিয়েছেন জাতীয় দলের হয়ে ফের গোল পাওয়ার আনন্দময় অনুভূতির কথা, 'আমি খুবই আনন্দিত। কারণ, ব্রাজিলের হয়ে আবার গোল করতে পেরেছি এবং ফের এই স্টেডিয়ামে দর্শকদের সামনে গোল করতে পেরেছি।'

ব্রাজিলের হয়ে ৬৫ ম্যাচে কৌতিনহোর গোল সংখ্যা বেড়ে হয়েছে ১৯। গত বছরের অধিকাংশ সময় হাঁটুর চোটের সঙ্গে লড়াই করায় সুযোগ মেলেনি তার। তবে দলটির কোচ তিতে তার ওপর আস্থা রাখতে শুরু করেছেন। আর সেটার প্রতিদান দিতে পেরেও খুশি লাগছে কৌতিনহোর, 'আমি লম্বা সময় ধরে অনুপস্থিত ছিলাম। আমি জটিল একটি চোট থেকে সেরে উঠেছি।...  নতুন করে সুযোগ পেয়েছি আমি এবং সেটার সদ্ব্যবহার করতে পারায় অনেক খুশি।'

উল্লেখ্য, কাতার বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলা আগেই নিশ্চিত হয়েছে ব্রাজিলের। ১৫ ম্যাচে তাদের অর্জন ৩৯ পয়েন্ট। তাদের ঠিক পেছনে থাকা আর্জেন্টিনাও পেয়ে গেছে বিশ্বকাপের টিকেট। সমান ম্যাচে তাদের পয়েন্ট ৩৫। দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে সরাসরি বিশ্বকাপে যাবে চারটি দল। বাছাইয়ের পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে থাকা দলটি আন্তঃমহাদেশীয় প্লে-অফ খেলে বিশ্বকাপে ওঠার সুযোগ পাবে।