মেসি কি খেলোয়াড় হিসেবে বার্সেলোনায় ফিরতে পারবেন?

স্পোর্টস ডেস্ক

সবশেষ গ্রীষ্মকালীন দলবদলে লিওনেল মেসি যখন বার্সেলোনা ছাড়েন, তখন তিনি ও ক্লাবটি জানত যে একদিন তার ক্যাম্প ন্যুতে ফিরে আসার সুযোগ রয়েছে। তখন ধারণা করা হয়েছিল, তিনি ফিরবেন দূত বা পরিচালক হিসেবে কাজ করতে। তবে গত কয়েক দিনের পরিস্থিতিতে মেসির কাতালানদের জার্সিতে খেলোয়াড় হিসেবে ফেরার সম্ভাবনা কিছুটা হলেও বেড়েছে।

স্পেনের টেলিভিশন অনুষ্ঠান এল চিরিংগিতোর বরাতে সোমবার দেশটির ক্রীড়া বিষয়ক গণমাধ্যম মার্কা এমন একটি প্রতিবেদন প্রকাশ করেছে। তাছাড়া, সম্প্রতি গুঞ্জন ছড়িয়েছে যে মেসির এজেন্টের দায়িত্ব পালন করা তার বাবা হোর্হে মেসি কথা সাক্ষাৎ করেছেন বার্সার সভাপতি হোয়ান লাপোর্তার সঙ্গে। সেখানে মেসির ফেরার সম্ভাবনা নিয়ে আলাপ হয়েছে দুজনের মধ্যে।

ফরাসি ক্লাব পিএসজিতে যোগ দেওয়ার পর থেকে নিজেকে হারিয়ে খুঁজছেন মেসি। রেকর্ড সাতবারের ব্যালন ডি'অর জয়ী এই ফরোয়ার্ড পাচ্ছেন না তার সেরা ছন্দের দিশা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে পড়ায় পিএসজির অনুরাগীরা বেজায় অসন্তুষ্ট মেসি ও নেইমারের ওপর। আগের দিনই বোর্দোর বিপক্ষে লিগ ওয়ানের ম্যাচে তাদেরকে শুনতে হয়েছে দুয়ো, যে অভিজ্ঞতার সঙ্গে তারা একদমই পরিচিত নন।

মেসির বার্সেলোনায় ফেরার পথে বাধাসমূহ:

এল চিরিংগিতো অনুষ্ঠানে ক্রীড়া সাংবাদিক কুইম দমেনেখ বলেছেন, মেসি ক্যাম্প ন্যুতে ফিরতে চান। তবে স্পেনে ফিরে আসাটা ৩৪ বছর বয়সী মেসির জন্য সহজ হবে না। সেটা তিনিও খুব ভালো করেই জানেন। বিশেষ করে, তরুণ স্ট্রাইকার কিলিয়ান এমবাপের পিএসজি ছাড়ার সম্ভাবনা যেহেতু জোরালো, সেহেতু মেসিকে ছাড়তে চাইবে না দলটি।

পিএসজির সঙ্গে মেসির চুক্তি হয়েছে দুই বছরের জন্য। অর্থাৎ আগামী ২০২৩ সালের জুন পর্যন্ত মেসিকে রেখে দিতে পারবে তারা। ফলে বল মেসির কোর্টে নেই।

বার্সার কোচ জাভি হার্নান্দেজ মেসিকে তার দলে চান কিনা সেটাও বড় প্রশ্ন। যদিও ক্যাম্প ন্যুতে সতীর্থ হিসেবে অনেকগুলো বিশেষ মুহূর্ত উপভোগ করেছেন দুজনে, তবুও জাভির মাথায় ভালোভাবেই এই ব্যাপারটি থাকার কথা যে আগামী মৌসুমে মেসির বয়স ৩৫ ছাড়িয়ে যাবে।

উদীয়মান তরুণ ও নতুন স্বাক্ষর করা খেলোয়াড়দের নিয়ে সম্প্রতি ঘুরে দাঁড়াতে শুরু করেছে বার্সা। বাজে সময় পেছনে ফেলে তারা এগোচ্ছে পুরনো দিনের সেই চেনা ছন্দে। তাই জাভি হয়তো তার ঢেলে সাজানো দলের কাঠামোয় পরিবর্তন আনার ঝুঁকি না-ও নিতে পারেন।

এত কিছুর পরও আশায় বুক বাঁধতে পারেন মেসি ও বার্সেলোনার যৌথ ভক্ত-সমর্থকরা। আর্জেন্টাইন এই মহাতারকার প্রত্যাবর্তন এখনও তাদের জন্য যদিও অনেক দূরের স্বপ্ন, তবে গত কয়েকদিনের ঘটনা পরম্পরা এই সম্ভাবনাকে কিছুটা হলেও বাস্তবসম্মত করেছে।