মেসি-নেইমারের জন্য দুয়ো, এমবাপের জন্য আনন্দধ্বনি
তাদেরকে দলে নেওয়ার পেছনে মূল উদ্দেশ্য হলো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতা। কিন্তু প্রয়োজনের মুহূর্তে তারা ব্যবধান গড়ে দিতে ব্যর্থ হন। রিয়াল মাদ্রিদের কাছে হারের ম্যাচে লিওনেল মেসি ও নেইমার হতে পারেননি ত্রাতা। ফলে আরও একবার ইউরোপের সর্বোচ্চ ক্লাব আসরের শিরোপা পিএসজির নাগালের বাইরে থেকে গেছে। এতে ফরাসি ক্লাবটির ভক্তরা বেশ চটেছেন সময়ের দুই সেরা তারকার ওপর।
রোববার ফরাসি লিগ ওয়ানে ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে বোর্দোর মুখোমুখি হয়েছে পিএসজি। চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যাওয়ার পর এটাই প্যারিসিয়ানদের প্রথম ম্যাচ। প্রথমার্ধে নেইমার ও মেসির পায়ে বল গেলেই তাদেরকে শুনতে হয়েছে দুয়ো। তবে তাদের আরেক সতীর্থ কিলিয়ান এমবাপের ক্ষেত্রে ঘটেছে ভিন্ন ঘটনা। তিনি বল পেলে শোনা গেছে দর্শকদের আনন্দধ্বনি।
মেসি ও নেইমারের ওপর সমর্থকদের অসন্তুষ্টির কারণটা সহজেই অনুমেয়। গত বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ফিরতি লেগে তারা ছিলেন অনেকটাই নিষ্প্রভ। রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে খেলতে নেমেছিল পিএসজি। এমবাপের প্রথমার্ধের গোলে ম্যাচের ৬০তম মিনিট পর্যন্ত এগিয়েছিল তারা। দুই লেগ মিলিয়ে রিয়াল পিছিয়ে ছিল ২-০ ব্যবধানে। তবে করিম বেনজেমা ১৭ মিনিটের মধ্যে দুর্দান্ত হ্যাটট্রিক করে পাল্টে দেন সব হিসাব-নিকাশ। অবিশ্বাস্য এক জয়ে রিয়াল পেয়ে যায় আসরের শেষ আটের টিকিট।
Des applaudissements pour Mbappe, pas pour Neymar et Messi… #PSGFCGB pic.twitter.com/RDXKy63S5j
— Loïc Tanzi (@Tanziloic) March 13, 2022
এমবাপের জন্য পিএসজি অনুসারীদের উল্লাসের কারণটাও বোধগম্য। রিয়ালের বিপক্ষে দুই লেগেই জালের ঠিকানা খুঁজে নেন তিনি। প্রথম লেগে তার লক্ষ্যভেদেই নিজেদের মাঠে ১-০ ব্যবধানে জিতেছিল কোচ মরিসিও পচেত্তিনোর দল। ম্যাচের যোগ করা সময়ের শেষ মুহূর্তে তিনি হয়েছিলেন নায়ক। পরের লেগেও সেই পথেই এগোচ্ছিলেন তিনি। তবে বেনজেমার হ্যাটট্রিক আর নিজেদের রক্ষণভাগের একের পর এক ভুলের সমন্বয়ে 'মধুরেণ সমাপয়েৎ' হয়নি পিএসজির।
উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স লিগ জেতার স্বপ্ন এই মৌসুমের মতো শেষ হয়ে গেলেও লিগ ওয়ানের শিরোপা পুনরুদ্ধারের দিকে দুর্বার গতিতে ছুটছে পিএসজি। বোর্দোর বিপক্ষে নামার আগে ২৭ ম্যাচে তাদের পয়েন্ট ৬২। তারা রয়েছে পয়েন্ট তালিকার শীর্ষে। নিকটতম প্রতিদ্বন্দ্বী নিস পিছিয়ে আছে ১২ পয়েন্টে। এক ম্যাচ বেশি খেলে তাদের অর্জন ৫০ পয়েন্ট।