মেসি যতক্ষণ পর্যন্ত আছে, আমরা বিশ্বকাপের দাবিদার: রিকেলমে
শেষবার বিশ্বকাপের শিরোপা ঘরে তোলার পর পেরিয়ে গেছে প্রায় ৩৬ বছর। আর্জেন্টিনার অপেক্ষার পালা কেবল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। ক্যারিয়ারের সায়াহ্নে পৌঁছে যাওয়া লিওনেল মেসিরও সময় ফুরিয়ে আসছে। আগামী কাতার বিশ্বকাপ কি অবসান হবে সময়ের অন্যতম সেরা তারকা ও তার দলের প্রতীক্ষার? আর্জেন্টিনার সাবেক তারকা মিডফিল্ডার হুয়ান রোমান রিকেলমের কণ্ঠে শোনা গেল আশার সুর। যতক্ষণ পর্যন্ত মেসি দলে আছেন, তাদের বিশ্বকাপ জেতার দারুণ সুযোগ রয়েছে বলে মনে করছেন তিনি।
জার্মানিতে অনুষ্ঠিত ২০০৬ সালের আসর দিয়ে বিশ্বকাপে যাত্রা শুরু হয়েছিল মেসির। ওই আসরে আর্জেন্টিনার মাঝমাঠের কাণ্ডারি ছিলেন রিকেলমে। দুর্দান্ত ছন্দে থাকলেও কোয়ার্টার ফাইনালে স্বাগতিকদের কাছে টাইব্রেকারে হেরে বাদ পড়েছিল আলবিসেলেস্তেরা। এরপর মেসি আরও তিনটি বিশ্বকাপে অংশ নিয়েছেন। কিন্তু পরম আরাধ্য শিরোপা ছুঁয়ে দেখার সৌভাগ্য হয়নি তার। তর্কসাপেক্ষে সর্বকালের সেরা ফুটবলার মেসি অবশ্য ২০১৪ সালে পৌঁছে গিয়েছিলেন খুব কাছে। কিন্তু ব্রাজিলের মাটিতে আবারও জার্মানির কাছে ফাইনালে হেরে স্বপ্নভঙ্গ হয় রেকর্ড সাতবারের ব্যালন ডি'অর জয়ী ফরোয়ার্ডের।
জাতীয় দলের জার্সিতে মেসির শিরোপা উঁচিয়ে ধরার আকাঙ্ক্ষা পূরণ হয় গত বছর। ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে তাদের মাটিতেই হারিয়ে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয় তারা। সেই সঙ্গে শেষ হয় আর্জেন্টিনার ২৮ বছরের দীর্ঘ শিরোপাখরার। এবার তাদের মনোযোগ আগামী কাতার বিশ্বকাপের দিকে।
স্বদেশি গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে মঙ্গলবার রিকেলমে বলেছেন, 'মেসি যতক্ষণ পর্যন্ত আছে, আমরা বিশ্বকাপ জয়ের দাবিদার। সবচেয়ে সেরা খেলোয়াড়টা আমাদের দলে রয়েছে। আপনাকে অবশ্যই সব সময় মেসির ওপর আস্থা রাখতে হবে।'
চলতি মৌসুমের শুরুতে বার্সেলোনা থেকে পিএসজিতে পাড়ি জমানোর পর ঠিক চেনা ছন্দে নেই মেসি। তবে ক্লাব পর্যায়ে সংগ্রামের কোনো প্রভাব পড়ছে না জাতীয় দলের জার্সিতে। তার নেতৃত্বে বাছাইপর্বে অপরাজিত রয়েছে আর্জেন্টিনা। ইতোমধ্যে তারা নিশ্চিত করেছে বিশ্বকাপের টিকিট। ১৫ ম্যাচে ১০ জয় ও ৫ ড্রয়ে ৩৫ পয়েন্ট নিয়ে তারা আছে তালিকার দুইয়ে। সমান ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে ব্রাজিল।
উল্লেখ্য, আগামী শনিবার বাছাইয়ের ম্যাচে ভেনেজুয়েলাকে আতিথ্য দেবে কোচ লিওনেল স্কালোনির আর্জেন্টিনা। বুয়েন্স এইরেসের লা বোম্বোনেরা স্টেডিয়ামে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৫টা ৩০ মিনিটে।