রেকর্ডের পেছনে ছুটি না, রেকর্ড আমার পেছনে ছোটে: রোনালদো
ক্রিস্তিয়ানোর রোনালদো মানেই নতুন নতুন রেকর্ড। একের পর এক রেকর্ড ভেঙে নিজের করে নিচ্ছেন এ পর্তুগিজ তারকা। বয়সটা ৩৭ পার হলেও এখনও যে গতিতে ছুটছেন তাতে সামনে আরও অনেক রেকর্ডই নিজের করে নেওয়ার পথে রয়েছেন তিনি। তবে এ সকল রেকর্ড আপনাআপনিই তার কাছে ধরা দিচ্ছেন বলে জানান পাঁচ বারের ব্যলন ডি'অর জয়ী এ তারকা।
আন্তর্জাতিক ফুটবলের সবচেয়ে বেশি গোলের রেকর্ডের পর সব ধরণের ফুটবলের গোলেও সর্বোচ্চ চূড়ায় উঠেছেন রোনালদো। চ্যাম্পিয়ন্স লিগের তো রাজাই মানা হয় তাকে। কেবল বিশ্বকাপটাই অধরা রয়েছে তার। সে সুযোগটা এবার পাচ্ছেন কাতারে। দুর্দান্ত একটি দল নিয়েই মধ্যপ্রাচ্যের দেশটিতে যাচ্ছে পর্তুগাল।
তবে ক্লাব ক্যারিয়ারে এবার তার ম্যানচেস্টার ইউনাইটেডে থাকা নিয়ে অনেক আলোচনাই হয়েছে। বিশেষ করে ক্লাবটি চ্যাম্পিয়ন্স লিগে জায়গা না পাওয়ার শঙ্কা তৈরি হওয়ার পর থেকেই। শেষ পর্যন্ত ওল্ড ট্রাফোর্ডেই থাকছেন এ তারকা। শুক্রবার ক্লাবের ওয়েবসাইটের সঙ্গে আলোচনা কালে বিষয়টি জানিয়েছেন তিনি।
'যেখানে আমার ক্যারিয়ার বিকশিত হয়েছে সেই ক্লাবে ফিরে আসতে পেরে আমি সত্যিই খুশি ছিলাম। এটা অবিশ্বাস্য ছিল। যখন আমি (আবার) ফিরে আসি তখন সমর্থকদের অনুভব করতে পেরে ভালো লেগেছিল। তাদের খুশি দেখা সত্যিই দারুণ। আমি ছিলাম এবং এখনও আছি - এখানে থাকতে পেরে খুব খুশি,' ইউনাইটেডে থাকা প্রসঙ্গে বলেন রোনালদো।
আর নিজের নতুন নতুন রেকর্ড নিয়ে বলেন, 'আমি বিশ্বাস করি যে ম্যানচেস্টার সেখানেই থাকবে যেখানে তাদের থাকা উচিৎ। আমি আগেই বলেছি, মাঝেমধ্যে সময় লাগে, আমি এখনও তাই বিশ্বাস করি। রেকর্ডগুলো স্বাভাবিকভাবে আসছে। আমি রেকর্ডের পেছনে ছুটি না, রেকর্ড আমার পেছনে ছোটে। তাই এটা ভালো।'
এই সকল রেকর্ড তার কাছে ধরা দেওয়ার কারণেই চালিয়ে যাওয়ার অনুপ্রেরণা পান বলে জানান এ পর্তুগিজ তারকা, 'এটা এখনও চালিয়ে যাওয়া আমার অনুপ্রেরণা। শুধু কঠোর পরিশ্রম করছি। আমি এখনও এই খেলার প্রতি আবেগ ভালোবাসি। এবং অবশ্যই, ম্যানচেস্টার এবং আমার সতীর্থরা আমাকে সর্বাত্মক সাহায্য করেছে তাই ওই সকল লোকের প্রশংসা করতে হবে যারা ক্রিস্তিয়ানোকে সাহায্য করেছে।'