রেফারিকে লাথি মারার অভিযোগে নোটিশ, জামালের অস্বীকার
শেখ রাসেলের ক্রীড়া চক্রের বিপক্ষে হারের পর রেফারিকে লাথি মারার অভিযোগ উঠেছে জামাল ভূঁইয়ার বিরুদ্ধে। জাতীয় দল ও সাইফ স্পোর্টিং ক্লাবের অধিনায়ককে ইতোমধ্যে কারণ দর্শানোর নোটিশও দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে অভিযোগ অস্বীকার করেছেন এই তারকা মিডফিল্ডার।
গত ১৩ ফেব্রুয়ারি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মুখোমুখি হয়েছিল সাইফ ও শেখ রাসেল। মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ লে. মতিউর রহমান স্টেডিয়ামে প্রথমার্ধে পাওয়া পেনাল্টিকে কাজে লাগিয়ে ম্যাচে ১-০ গোলে জেতে শেখ রাসেল। এই পেনাল্টি নিয়েই ম্যাচের পর তৈরি হয় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি। জামালসহ সাইফের অন্যান্য ফুটবলাররা রেফারিকে ঘিরে ধরলে মাঠে ছড়ায় উত্তাপ।
ডেনমার্ক প্রবাসী জামালকে আগের দিন সোমবার কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে বাফুফে। সেখানে বলা হয়েছে, তিনি রেফারিকে লাথি মারতে গিয়েছিলেন। তবে রেফারি সরে যাওয়ায় তা গিয়ে লাগে সহকারী রেফারি জুনায়েদ শরীফের গায়ে। তবে আত্মপক্ষ সমর্থন করে গণমাধ্যমের কাছে জামাল বলেছেন, লাথি মারা তো দূরে থাক, ম্যাচের সময় বা ম্যাচের পরে কোনো অফিসিয়ালকে তিনি স্পর্শও করেননি।
রেফারির রিপোর্টের ভিত্তিতে কারণ দর্শানোর নোটিশটি প্রস্তুত করা হয়েছে। জামালের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে তার ক্লাব সাইফের কাছে ব্যাখ্যা জানতে চেয়েছে দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাফুফে। পাশাপাশি ২৪ ঘণ্টার মধ্যে (আজ মঙ্গলবার সন্ধ্যার মধ্যে) তাদেরকে লিখিতভাবে জবাব দিতে বলা হয়েছে।