রোনালদো-লিংগার্ডের গোলে নাটকীয় জয় ম্যান ইউনাইটেডের

স্পোর্টস ডেস্ক

ম্যাচের শেষ দিকের খেলা। এ সময়ে পেনাল্টি পেয়ে বসে ওয়েস্টহ্যাম ইউনাইটেড। শট নিতে বদলি খেলোয়াড় হিসেবে নামেন দলটির অধিনায়ক মার্ক নোবেল। কিন্তু তাকে হতাশ করে দারুণ দক্ষতায় তার স্পট কিক ঠেকিয়ে দেন ম্যানচেস্টার ইউনাইটেড গোলরক্ষক দাভিদ দি গিয়া। তাতে পূর্ণ পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে অলরেডরা।

লন্ডন স্টেডিয়ামে রোববার ওয়েস্টহ্যাম ইউনাইটেডের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।

তবে দি গিয়াকে যদি নায়ক বলা হয়, নিঃসন্দেহে এ জয়ের পার্শ্বনায়ক জেসে লিংগার্ড। ৮৭তম মিনিটে জয়সূচক গোলটি আসে তার পা থেকেই। অথচ চ্যাম্পিয়ন্স লিগের সেই মারাত্মক এক ভুলের জন্য কতো ট্রলই না সহ্য করতে হয়েছে তাকে। শেষ মুহূর্তে ডি-বক্সের সামনে প্রতিপক্ষের খেলোয়াড়ের পায়ে বল তুলে দিয়ে হেরেছিলেন তারা।

প্রতিপক্ষের মাঠে এদিন মাঝ মাঠের রেখেই খেলতে থাকে ইউনাইটেড। ৫৯ শতাংশ বল পায়ে ছিল তাদের। ১৭টি শটের ১০টিই লক্ষ্যে রাখে তারা। অন্যদিকে ১৩টি শট নিয়ে ৪টি লক্ষ্যে রাখে ওয়েস্টহ্যাম।

২৭তম মিনিটে এগিয়েও যেতে পারতো ইউনাইটেড। কর্নার থেকে স্কট ম্যাকটমিনির হেড থেকে ফাঁকায় বল পেয়ে যান ব্রুনো ফার্নান্দেজ। দারুণও শটও নিয়েছিলেন এ পর্তুগিজ। কিন্তু তার শট বারপোস্টে লেগে ফিরে আসে।

তিন মিনিট পর গোল হজম করে বসে সফরকারীরা। বোয়েনের কাছ থেকে বল পেয়ে ডি-বক্সের বাইরে থেকে জোরালো এক শট নেন সাইদ বেনরাহমা। তার শট রাফায়েল ভারানের গায়ে লেগে দিক বদলে জালে প্রবেশ করলে পিছিয়ে পরে অলরেডরা।

অবশ্য সমতায় ফিরতে খুব বেশি সময় নেয়নি দলটি। ৩৫তম মিনিটে ব্রুনোর ক্রস থেকে অফসাইডের ফাঁদ ভেঙে দারুণ এক টাচ শট লক্ষ্যে রাখেন রোনালদো। প্রথম প্রচেষ্টায় গোলরক্ষক লুকাজ ফেবিয়ানস্কি ফেরালেও ফিরতি  শট আর ফেরাতে পারেননি। সমতায় ফেরে ইউনাইটেড। 

৪৬তম মিনিটে এগিয়ে যেতে পারতো ম্যান ইউনাইটেড। অবিশ্বাস্য এক মিস করেন রোনালদো। ব্রুনোর ক্রস থেকে গোলরক্ষককে একা পেয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু গোলরক্ষক বরাবর শট নিয়ে সে সুযোগ নষ্ট করেন এ পর্তুগিজ তারকা।

৮৯তম মিনিটে অসাধারণ এক গোল করেন বদলি খেলোয়াড় জেসে লিংগার্ড। আরেক বদলি খেলোয়াড় নামানজা মাতিচের কাছ থেকে বল পেয়ে এক খেলোয়াড়কে কাটিয়ে দারুণ এক কোণাকোণি শটে লক্ষ্যভেদ করেন এ ইংলিশ ফরোয়ার্ড।

তবে ম্যাচের যোগ করা সময়ে সমতায় ফিরতে পারতো ওয়েস্টহ্যাম। ডি-বক্সে বল লুক শয়ের হাতে লাগলে ভিএআরের সাহায্য নিয়ে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি। কিন্তু স্পটকিক মিস করেন নোবেল।