রোনালদোদের প্লে-অফে পাঠিয়ে বিশ্বকাপে সার্বিয়া

স্পোর্টস ডেস্ক

পর্তুগালের ড্র হলে চলত। কিন্তু ঘরের মাঠে হেরেই গেলেন ক্রিস্তিয়ানো রোনালদোরা। নাটকীয় ম্যাচে শেষ সময়ের গোলে তাদের বিপক্ষে জিতে কাতার বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিল সার্বিয়া। পর্তুগালের আশা অবশ্য পুরোপুরি শেষ হয়ে যায়নি। বিশ্বকাপে খেলতে হলে তাদের পার হতে হবে প্লে-অফের বাধা।

রোববার রাতে লিসবনে ইউরোপ অঞ্চলের বাছাইপর্বের 'এ' গ্রুপের ম্যাচে এগিয়ে গিয়েও ২-১ গোলে হেরেছে পর্তুগাল।

ম্যাচের দ্বিতীয় মিনিটে স্বাগতিকদের এগিয়ে দিয়েছিলেন রেনাতো সানচেস। প্রথমার্ধের ৩৩তম মিনিটে সফরকারীদের সমতায় ফেরান দুসান তাদিচ। বিরতির পর নির্ধারিত সময়ের শেষ মিনিটে পর্তুগালকে স্তব্ধ করে দিয়ে সার্বিয়াকে উল্লাসে মাতান আলেক্সান্দার মিত্রোভিচ।

আট ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে সার্বিয়া। গ্রুপের শীর্ষে না থাকলে সরাসরি বিশ্বকাপে খেলার টিকিট পাওয়া যায় না। তবে দ্বিতীয় হলে আরেকটি সুযোগ মেলে। প্লে-অফ খেলে জায়গা করে নিতে হয় বিশ্বমঞ্চে। রোনালদোরা ১৭ পয়েন্ট নিয়ে হয়েছেন দ্বিতীয়।

serbia.jpg
ছবি: টুইটার

সবশেষ দুটি ম্যাচের ফলই কপাল পুড়িয়েছে পর্তুগালের। সার্বিয়ার কাছে হারার আগে আয়ারল্যান্ডের মাঠে গোলশূন্য ড্র করেছিল ফার্নান্দো সান্তোসের শিষ্যরা। অর্থাৎ তারা মাত্র ১ পয়েন্ট আদায় করতে পেরেছে। অন্যদিকে, সার্বিয়া নিজেদের শেষ দুটি ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট অর্জন করেছে।

হতাশাজনক হারের পর দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন পর্তুগালের কোচ সান্তোস, 'সত্যি বলতে, আমাদের সার্বিক পারফরম্যান্স ভালো ছিল না। তাই আমি ক্ষমা চাইছি। পর্তুগিজ নাগরিকরা অবশ্যই বিমর্ষ। আমাদের (দল) চেয়ে বেশি নয়। তবে ঠিক আমাদের মতোই।'

এই ধাক্কা সামলে বিশ্বকাপে জায়গা করে নেওয়ার আত্মবিশ্বাসও শোনা গেছে তার কণ্ঠে, 'আমার দল কাতার বিশ্বকাপে থাকবে। আমি নিশ্চয়তা দিচ্ছি। আমাদের কেবল প্লে-অফে লড়তে হবে, যেটার সঙ্গে আমরা তেমন পরিচিত নই। কারণ আমার অধীনে পর্তুগালকে আগে কখনো প্লে-অফে খেলতে হয়নি (সরাসরি মূল পর্বে উঠেছে)।'

ইউরোপ অঞ্চলের বাছাইপর্বের ১০ গ্রুপের শীর্ষ ১০ দল আগামী ২০২২ কাতার বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে। ১০ গ্রুপের রানার্সআপ ও উয়েফা নেশন্স লিগের সেরা দুটি গ্রুপ জয়ীকে নিয়ে হবে ১২ দলের প্লে-অফ। সেখান থেকে আরও তিনটি দল উঠবে বিশ্বকাপে।