শেষদিকের নাটকীয়তায় জুভেন্তাসকে বিধ্বস্ত করে কোয়ার্টারে ভিয়ারিয়াল

স্পোর্টস ডেস্ক

আক্রমণ সামলাতে হিমশিম খাওয়া ভিয়ারিয়াল শেষদিকে ঘুরে দাঁড়াল দারুণভাবে। চরম নাটকীয়তায় ১৪ মিনিটের মধ্যে তিনবার তারা বল পাঠাল জুভেন্তাসের জালে। শক্তিশালী প্রতিপক্ষককে বিধ্বস্ত করে স্প্যানিশ ক্লাবটি পা রাখল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে।

বুধবার রাতে আসরের শেষ ষোলোর ফিরতি লেগে নিজেদের মাঠ আলিয়াঞ্জ স্টেডিয়ামে ৩-০ গোলে হেরেছে জুভেন্তাস। প্রথম লেগ ড্র হয়েছিল ১-১ গোলে। ফলে দুই লেগ মিলিয়ে ৪-১ ব্যবধানে এগিয়ে থেকে শেষ আটের টিকিট পেয়েছে ভিয়ারিয়াল।

রোমাঞ্চকর লড়াইয়ে সফরকারীদের তিন গোলদাতা হলেন জেরার্দ মোরেনো, পাউ তোরেস ও আরনাউত দানজুমা। মোরেনো ও দানজুমা লক্ষ্যভেদ করেন পেনাল্টি থেকে।

ম্যাচের ৭৫তম মিনিট পর্যন্ত প্রাধান্য ছিল ইতালিয়ান ক্লাব জুভেন্তাসের। আক্রমণের পর আক্রমণে তারা ব্যতিব্যস্ত করে রাখে প্রতিপক্ষের রক্ষণ। তবে বাকি সময়টাতে ভিয়ারিয়াল উপহার দেয় চোখ ধাঁধানো নৈপুণ্য। গোলমুখে চারটি শট নিয়ে তারা লক্ষ্যে রাখে তিনটি। আর তিনটিই রূপ নেয় গোলে।

১১তম মিনিটে প্রথম ভালো সুযোগ পায় জুভেন্তাস। আলভারো মোরাতার জোরালো হেড রুখে দেন ভিয়ারিয়াল গোলরক্ষক জেরোনিমো রুলি। নয় মিনিট পর দুসান ভ্লাহোভিচের দূরপাল্লার তীব্র গতির শটও ফাঁকি দিতে পারেনি তাকে।

২২তম মিনিটে ভাগ্যের ফেরে এগিয়ে যাওয়া হয়নি স্বাগতিকদের। ভ্লাহোভিচের শট বাধা পায় ক্রসবারে। বিরতির পরও একই কায়দায় আধিপত্য বিস্তার করে খেলতে থাকে জুভেন্তাস। ৫৮তম মিনিটে আদ্রিয়ান র‍্যাবিওর শট বিপাকে ফেলতে পারেনি রুলিকে।

৭৮তম মিনিটে খেলার ধারার বিপরীতে লিড নেয় ভিয়ারিয়াল। স্পট-কিক থেকে প্রতিপক্ষ গোলরক্ষক ভোইচেখ স্ট্যান্সনিকে পরাস্ত করেন মোরেনো। ডি-বক্সে ফ্রান্সিস কোকেলিনকে দানিয়েল রুগানি ফাউল করলে ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি।

সাত মিনিট পর তরেস ভিয়ারিয়ালের জয় প্রায় নিশ্চিত করে ফেলেন। সতীর্থের কর্নারে হেড করে গোলপোস্টের সামনে ফেলেন সার্জ অরিয়ের। এরপর ফ্লিক করে নিশানা ভেদ করেন অরক্ষিত তরেস।

যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে জুভেন্তাসের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন দানজুমা। তার স্পট-কিক ফেরাতে পারেননি স্ট্যান্সনি। ডি-বক্সে মাটাইস ডি লিটের হাতে বল লাগলে রেফারি পেনাল্টির নির্দেশ দিয়েছিলেন।

রাতের আরেক ম্যাচে লিলের মাঠে দ্বিতীয় লেগে ২-১ গোলে জিতে শেষ আটে উঠেছে চেলসি। আগের লেগে ২-০ গোলে জিতেছিল চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাধারীরা।