স্পেনের বিপক্ষে হার এড়ানোর পর রোনালদোর আবেগঘন বার্তা
সাত বছর পর দেশের জার্সিতে খেলতে নামা রিকার্দো হোর্তা শেষ দিকে পরিণত হলেন নায়কে। তার লক্ষ্যভেদে স্পেনের মাঠে ড্রয়ের স্বস্তি পেল পর্তুগাল। হোর্তার মতো দ্বিতীয়ার্ধে বদলি নামা ক্রিস্তিয়ানো রোনালদো অবশ্য পারলেন না আলো কাড়তে। তবে ম্যাচের পর আবেগঘন বার্তায় তিনি জানালেন আরেকটি উয়েফা নেশন্স লিগ জেতার আকাঙ্ক্ষার কথা।
বৃহস্পতিবার রাতে সেভিয়ায় অনুষ্ঠিত ম্যাচে ১-১ গোলে ড্র করেছে স্পেন ও পর্তুগাল। এই লড়াই দিয়ে নেশন্স লিগের ২০২২-২৩ মৌসুমের 'এ' লিগের দুই নম্বর গ্রুপে যাত্রা শুরু করেছে ইউরোপের দুই পরাশক্তি। ম্যাচ জুড়ে আধিপত্য করা স্পেন ২৫তম মিনিটে এগিয়ে যায় স্ট্রাইকার আলভারো মোরাতার গোলে। ৭২তম মিনিটে বদলি নামা ফরোয়ার্ড হোর্তা দশ মিনিট পর জাল খুঁজে নিলে হার এড়ায় পর্তুগাল।
সফরকারীদের কোচ ফার্নান্দো সান্তোস শুরুর একাদশে রাখেননি রোনালদোকে। বিরতির পর ম্যাচের ৬২তম মিনিটে তিনি বদলি হিসেবে মাঠে ঢুকলেও ছিলেন নিজের ছায়া হয়ে। উল্লেখযোগ্য কোনো প্রভাব রাখতে পারেননি ম্যানচেস্টার ইউনাইটেডের এই ফরোয়ার্ড। গোল করা তো দূরের কথা, স্পেনের গোলমুখে একটি শটও নিতে পারেননি তিনি।
নেশন্স লিগের প্রথম আসর অনুষ্ঠিত হয়েছিল ২০১৮-১৯ মৌসুমে। সেবার ফাইনালে নেদারল্যান্ডসকে হারিয়ে শিরোপা জিতেছিল রোনালদোর পর্তুগাল। স্পেনের বিপক্ষে ড্রয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে সেটা স্মরণ করিয়ে দেন তিনি, 'নেশন্স লিগ এমন একটি প্রতিযোগিতা যার সঙ্গে আমাদের জাতীয় দলের নাম চিরকাল যুক্ত থাকবে। আমরাই প্রথম দল হিসেবে এই শিরোপা জিতেছিলাম।'
৩৭ বছর বয়সী রোনালদো শিরোপা জয়ের প্রত্যাশা জানিয়ে যোগ করেন, 'এবারের আসরে নিজেদের উদ্বোধনী ম্যাচে স্পেনের সঙ্গে গুরুত্বপূর্ণ ড্র করে আমাদের মধ্যে নতুন করে উচ্চাকাঙ্ক্ষা তৈরি হয়েছে। বরাবরের মতো যে বিষয়টি আমাদেরকে সামনের দিকে চালিত করে এবং একত্রিত করে তা হলো পর্তুগালের জন্য জেতা।'
'এ' লিগের দুই নম্বর গ্রুপে পর্তুগিজদের বাকি দুই প্রতিপক্ষ চেক প্রজাতন্ত্র ও সুইজারল্যান্ড। রাতের অন্য ম্যাচে প্রাগে নিজেদের মাঠে চেকরা ২-১ গোলে জিতেছে সুইসদের বিপক্ষে।