অনশনের ৬৯ ঘণ্টা: অনশনরত ২৪ শিক্ষার্থীর ১৬ জনই হাসপাতালে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে ২৪ শিক্ষার্থীর অনশনের ৬৯ ঘণ্টা পার হয়েছে আজ শনিবার দুপুর ১১টা ৫০ মিনিটে।
অনশনকারীদের মধ্যে এখন পর্যন্ত ১৬ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। এছাড়াও বাকি শিক্ষার্থীদের শারীরিক অবস্থা অনেকটা দুর্বল হওয়ায় প্রায় সবাইকেই স্যালাইন ও ভিটামিন সাপ্লিমেন্ট দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন একজন মুখপাত্র।
এদিকে গতকাল শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির অনুরোধে আলোচনায় সম্মত হলেও ঢাকা যেতে অপারগতা জানিয়ে শিক্ষামন্ত্রীকে অনলাইনে বৈঠক অথবা সশরীরে সিলেট আসার আহ্বান জানান শিক্ষার্থীরা।
তবে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে গতরাতেই শাবিপ্রবির পাঁচ শিক্ষকের একটি প্রতিনিধিদল ঢাকায় গিয়েছেন বলে জানিয়েছেন শাবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. তুলসী কুমার দাস।
অধ্যাপক তুলসী কুমার দ্য ডেইলি স্টারকে বলেন, 'আলোচনার সময় এখনো নির্ধারিত নয়, তবে আমরা ঢাকায় অবস্থান করছি। আলোচনার বিষয়বস্তুও এখনো নির্ধারিত না। তবে আমরা মন্ত্রীকে সার্বিক বিষয় অবগত করবো। তারপর উনি যে সিদ্ধান্ত নেওয়ার তা নেবেন।'
অধ্যাপক তুলসী কুমার দাস ছাড়াও প্রতিনিধিদলের বাকি সদস্যরা হলেন সাধারণ সম্পাদক মহিবুল আলম, ভৌত বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক রাশেদ তালুকদার, ফলিত বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. আরিফুল ইসলাম ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন খায়রুল ইসলাম রুবেল।