শাবিপ্রবি: বিশ্ববিদ্যালয়ের বাইরের সহিংসতার দায় নেবেন না শিক্ষার্থীরা
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবির আন্দোলনে একাত্মতা পোষণ করে বিশ্ববিদ্যালয়ের বাইরের কেউ যদি নিজেদের স্বার্থে সহিংসতায় জড়ায় তবে এর দায় আন্দোলনরত শিক্ষার্থীরা নেবেন না।
আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে আন্দোলনকারীদের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকে যারা আন্দোলনে একাত্মতা পোষণ করেছেন তাদের ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীরা বলেন, আমাদের এ দাবি খুবই সাধারণ এবং এক দফা, আমাদের এই আন্দোলন কেন্দ্র করে কেউ যদি তাদের নিজেদের স্বার্থ হাসিলের জন্য ব্যবহার করতে চায় এবং সহিংসতায় জড়ায়, তবে তার দায়ভার কোনোভাবেই আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা নেবেন না।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ১৪ জানুয়ারি থেকে শাবিপ্রবির সাধারণ শিক্ষার্থীরা তাদের যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন শুরু করেন, যা এখনো চলমান। দেশের বিভিন্ন স্তরের মানুষ আমাদের এই যৌক্তিক দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। সে জন্য তাদের আমরা অনেক ধন্যবাদ জানাই। একই সঙ্গে এই আন্দোলনের শুরু থেকে এখন পর্যন্ত শুধুমাত্র শাবিপ্রবির সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন এবং তা সম্পূর্ণ অরাজনৈতিক ও অসহিংস হিসেবে উল্লেখ করা হয়।