অস্ত্র মামলায় সেই মালেকের বিরুদ্ধে ৫ জনের সাক্ষ্যগ্রহণ
অস্ত্র আইনে দায়ের হওয়া মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের বরখাস্ত গাড়িচালক মো. আবদুল মালেকের বিরুদ্ধে আদালতে পাঁচ জন সাক্ষ্য দিয়েছেন।
আজ বুধবার ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েসের আদালতে র্যাব-১ এর উপপরিদর্শক (এসআই) সাজেদুল ইসলাম ও সদস্য আনিসুর রহমান, করপোরাল শফিকুল ইসলাম, মোতালেব হোসেন ও শহিদুল ইসলাম সাক্ষ্য নেওয়া হয়।
এর আগে আসামিপক্ষের আইনজীবী র্যাব-১ এর পরিদর্শক আলমগীর হোসেন ও উপপরিদর্শক (এসআই) মো. জাকিরের জেরা শেষ করেন।
চলতি বছরের ১১ মার্চ একই আদালত মালেকের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দিয়েছিলেন। এর আগে ১১ জানুয়ারি তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মেহেদী হাসান চৌধুরী মালেকের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।
রাজধানীর তুরাগ থানাধীন কামারপাড়া থেকে গত বছরের ২০ সেপ্টেম্বর মালেককে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, দেড় লাখ বাংলাদেশি জাল নোট, একটি ল্যাপটপ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।
ওই ঘটনায় র্যাব-১ এর পুলিশ পরিদর্শক আলমগীর হোসেন বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন। অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি মালেক ও তার স্ত্রীর বিরুদ্ধে দুটি মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আরও পড়ুন
স্বাস্থ্য অধিদপ্তরের গাড়িচালক মালেক ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের ২ মামলা
নিয়োগ-পদোন্নতিতে প্রভাবসহ বহুবিধ দুর্নীতিতে সম্পৃক্ত ছিলেন ড্রাইভার মালেক