আইসিটি মামলায় জামিন পেলেন দীপ্ত টিভির পরিচালকসহ ৩ জন
তথ্য ও প্রযুক্তি আইনের ৫৭ ধারায় দায়ের হওয়া ৩ মামলায় জামিন পেয়েছেন দীপ্ত টিভির দুই পরিচালকসহ ৩ জন।
তারা হলেন দীপ্ত টিভির পরিচালক কাজী জাহিন হাসান, রাবেত হাসান এবং চিফ অপারেটিং অফিসার কাজী উরফী আহমদ।
আজ মঙ্গলবার চট্টগ্রামের বিভাগীয় সাইবার ট্রাইবুনালের বিচারক জহিরুল কবির তাদের জামিন মঞ্জুর করেন।
সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি এবং তার ছেলে মুজিবুর রহমানের মালিকানাধীন একটি প্রতিষ্ঠান নিয়ে দীপ্ত টেলিভিশনে সংবাদ প্রকাশের জেরে ৬ বছর আগে এই মামলাগুলো করা হয়েছিল।
এর আগে গতকাল সোমবার দীপ্ত টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী জাহেদুল হাসান জামিন পেয়েছিলেন।
গতকাল দীপ্ত টিভির এমডি ও ২ পরিচালকসহ ৪ জন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালত তাদের জামিন আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
তবে সোমবার বিকেলে এমডি কাজী জাহেদুল হাসানের জামিন মঞ্জুর করেন আদালত।
ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি এডভোকেট মেজবাহউদ্দিন চৌধুরী জানান, ২ পরিচালকসহ ৩ জন আদালতে জামিন আবেদন করলে আদালত শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন।
মামলার নথি থেকে জানা যায় ২০১৬ সালের সাবেক প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম ও তার ছেলে মুজিবুর রহমানের প্রতিষ্ঠান সানোয়ারা পোলট্রি অ্যান্ড হ্যাচারি নিয়ে নিয়ে দীপ্ত টেলিভিশন মানহানিকর মিথ্যা সংবাদ পরিবেশন করে। প্রতিবেদনে দাবি করা হয়েছিল, মন্ত্রীর ছেলের ইন্ধনে জেলার চন্দনাইশে কাজী ফার্মস কর্মীদের ওপর হামলা চালানো হয়। সংবাদ প্রকাশের জেরে কাজী ফার্মস গ্রুপের ৪ জন এবং দীপ্ত টিভির ৩ সাংবাদিকসহ ৭ জনের বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি আইনের ৫৭ ধারায় চট্টগ্রামের চান্দগাঁও ও চকবাজার থানায় ৩টি মামলা করা হয়।
মামলায় ইচ্ছাকৃতভাবে ওয়েবসাইটে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক সংবাদ সম্প্রচার করে রাষ্ট্র ও ব্যক্তির ভাবমূর্তিক্ষুন্ন করার অভিযোগ আনা হয়েছে।
দীপ্ত টিভি কাজী ফার্মস গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান দীপ্ত মিডিয়া লিমিটডের অধীনে পরিচালিত হয়।