আঙিনা খুঁড়ে ৩৬ দিন পর স্ত্রীর মরদেহ উদ্ধার, স্বামী আটক

নিজস্ব সংবাদদাতা, মৌলভীবাজার 

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় স্ত্রীকে হত্যা ও মরদেহ গুম করার চেষ্টার অভিযোগ সুবাস বাউরী নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

আজ বুধবার দুপুরে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদুস হাসান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'সুবাস তার স্ত্রীকে হত্যার পরে বাড়ির আঙিনায় মরদেহ পুঁতে রেখেছিলেন। ৩৬ দিন পরে আজ সকালে আঙিনা খুঁড়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের কন্যার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ মরদেহ উদ্ধার করা হয়েছে। আমরা জানতে পেরেছি, পারিবারিক কলহের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে।'

সুবাস বাউরী পাত্রখোলা চা বাগানে কাজ করেন। তার স্ত্রীর নাম সুচিত্রা শব্দকর। তাদের এক ছেলে ও এক কন্যা রয়েছে।

সুচিত্রার কন্যা সীমা শব্দকর বলেন, বাবার কুড়ালের হাতলের আঘাতে তার মায়ের মৃত্যু হয়। এরপর বাবা বাড়ির উঠানে মায়ের মরদেহ পুঁতে ফেলে। বাবার ভয়ে এতদিন চুপ করে ছিলাম।

ইয়ারদুস হাসান আরও বলেন, এই ঘটনা জানাজানি হওয়ার পরে সুবাস পালানোর চেষ্টা করেছিলেন। স্থানীয় বাসিন্দারা তাকে আটক করে গাছের সঙ্গে বেঁধে রেখে থানায় জানায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছেন সুবাস।