আলোচিত কাউন্সিলর খোরশেদের বিরুদ্ধে ধর্ষণ মামলা
করোনায় মৃতদের দাফন কাজে এগিয়ে এসে আলোচিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেছেন এক নারী।
আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল আদালতে এই মামলা দায়ের করা হয়। ওই নারী এর আগে কাউন্সিলর খোরশেদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছেন।
মামলার বিষয়টি নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী জসিম উদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, 'আজ দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হাসান শ্যামলের আদালতে ওই নারী (৪৪) ধর্ষণ মামলার আবেদন করেন। শুনানি শেষে আদালত মামলার আবেদন গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন। তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্যে তারিখের আদেশ আগামীকাল দেওয়া হবে।'
এ বিষয়ে জানতে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) রকিব উদ্দিনের নম্বরে একাধিকবার ফোন করলেও তিনি তা ধরেননি। এরপর ক্ষুদেবার্তা পাঠালেও তিনি কোনো উত্তর দেননি।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদের নম্বরে ফোন করলে তা বন্ধ পাওয়া যায়।
এর আগে গত ১৬ মে ওই নারী কাউন্সিলর খোরশেদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন। গত ৮ জুলাই আদালতে সেই মামলার চার্জশিট দাখিল করা হয়।
গত ২৪ এপ্রিল ফেসবুক লাইভে এসে কাউন্সিলর খোরশেদ নিজের ও স্ত্রী-সন্তানদের জীবনের নিরাপত্তা চেয়ে বলেছেন, 'ফেসবুকে পরিচিত হওয়ায় ওই নারী আমাকে বিয়ের জন্যে বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করছে। জোর করে বিয়ে করার জন্য কাজী নিয়ে আমার বাড়িতেও আসে। এতে বাধা দেওয়ায় আমাকে ও আমার স্ত্রী-সন্তানকে হত্যার হুমকি দেন ওই নারী। এ ঘটনায় আমার স্ত্রী গত ৩ মার্চ ফতুল্লা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। কিন্তু, কোনো উপকার পাইনি।'