ইভ্যালির রাসেল-শামীমার বিরুদ্ধে আরও ১ প্রতারণা মামলা
ইভ্যালির প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে প্রতারণা করে ৮৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগে আরেকটি মামলা করা হয়েছে।
আজ বুধবার মুজাহিদুর রহমান নামে একজন ইভ্যালির এক গ্রাহক ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারীর আদালতে এ মামলা করেন।
ঢাকার বিশেষ পাবলিক প্রসিকিউটর আজাদ রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'ম্যাজিস্ট্রেট মামলাটি আমলে নিয়েছেন। অভিযোগকারীর বক্তব্য লিপিবদ্ধ করেছেন এবং ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) একটি নিয়মিত মামলা হিসেবে অভিযোগ নথিভুক্ত করার নির্দেশ দিয়েছেন।'
মামলার বিবৃতিতে বলা হয়, অভিযোগকারী একটি এয়ার কন্ডিশনার (এসি) কিনতে অভিযুক্তকে ৮৫ হাজার টাকা দেয়। কিন্তু, অভিযুক্তরা পণ্যটি দেয়নি এবং টাকাও ফেরত দেয়নি।
এর আগে, রাসেল-শামীমা দম্পতির বিরুদ্ধে গত ১৬ ও ১৭ সেপ্টেম্বর রাজধানীর গুলশান ও ধানমন্ডি থানায় আরও দুটি পৃথক মামলা হয়।
১৬ সেপ্টেম্বর মোহাম্মদপুরের বাসায় অভিযান চালিয়ে র্যাব ওই দম্পতিকে গ্রেপ্তার করে।