এমপি শিমুলের বাবাকে রাজাকার বলায় রাবি শিক্ষকের বিরুদ্ধে মামলা

নিজস্ব সংবাদদাতা, নাটোর

নাটোর-২ আসনের সংসদ সদস্য শিমুলের বাবাকে রাজাকার বলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সরকার সুজিত কুমার ও নাটোর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শফিউল আযম স্বপনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

আজ মঙ্গলাবার সকালে এমপি শিমুলের ছোট ভাই সাজেদুল ইসলাম সাগর বাদী হয়ে নাটোরের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গোলজার হোসেনের আদালতে মামলাটি দায়ের করেন।

আদালত জানিয়েছেন, নথিপত্র পর্যালোচনা করে বিকেলে এ বিষয়ে আদেশ দেওয়া হবে।

পরে বিকেলে আদালত র‍্যাবকে মামলাটি তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন।  

মামলার বিবরণীতে বলা হয়, নাটোর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শফিউল আযম স্বপন গত ২৫ জুলাই স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও সভাপতি সরকার সুজিত কুমারের লেখা নাটোর জেলার মুক্তিযুদ্ধের ইতিহাস ও নাটোর জেলার ইতিহাস ঐতিহ্য ও মুক্তিযুদ্ধ নামে গ্রন্থের উদ্বৃতি দিয়ে স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের বাবাকে রাজাকার বা স্বাধীনতা বিরোধী হিসেবে আখ্যায়িত করেন। এতে সংসদ সদস্য শিমুলের সন্মানহানি ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। 

বাদী পক্ষের আইনজীবী আরিফুল ইসলাম আদালতকে বলেন, সুজিত সরকারের বইয়ের প্রথম সংস্করণের ৩১০ পাতার ২১ নং ক্রমিকে হাসান আলীর নাম ও তার পেশা হিসেবে ছোট ব্যবসায়ী এবং ঠিকানা পুরাতন কোর্টপাড়া লেখা ছিল। কিন্তু দ্বিতীয় সংস্করণের ৬০০ নং পাতার ২১ নং ক্রমিকে নামে স্থানে হাসান আলী সরদার, পেশা ছোট ব্যবসায়ী এবং পিতার নামের স্থানে নাসির উদ্দিন লেখা দেখা যায়। প্রথম সংস্করণে পিতার নামের উল্লেখ ছিল না।

আরও পড়ুন
এমপি শিমুলের বাবা রাজাকার ছিলেন: নাটোর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি
এমপি শিমুলের বিরুদ্ধে হুমকির অভিযোগের জিডি খারিজ
আ. লীগের নাটোর জেলা সভাপতি থাকতে পারেন না নাটোরে