কলমাকান্দায় শিক্ষকের বাড়িতে লুট, মারধর

নিজস্ব সংবাদদাতা, ময়মনসিংহ

নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় সহকারী প্রধান শিক্ষকের বাড়িতে ঢুকে মালামাল লুট ও শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে।

গতকাল শনিবার সকালে উপজেলার রংছাতি ইউনিয়নের বরুয়াকোনা এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আজ রোববার বরুয়াকোনা সাধু ফেডারিক উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক প্রীতিলতা কুবি (৫০) কলমাকান্দা থানায় মামলা করেছেন।

কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ আব্দুল আহাদ খান দ্য ডেইলি স্টারকে এই তথ্য নিশ্চিত করেন।

মামলার বরাতে তিনি জানান, অভিযুক্ত মো. সাব্বির (১৯) শনিবার সকালে ওই শিক্ষকের ঘরে ঢুকে টাকা-পয়সাসহ ঘরে থাকা মালামাল নিয়ে যাওয়ার চেষ্টা চালায়। এতে প্রীতিলতা বাধা দিলে সাব্বির তার গলা চেপে ধরে ধাক্কা দেয়। এসময় তিনি পড়ে গিয়ে আহত হন। পরে অভিযুক্ত সাব্বির ঘরে থাকা মোবাইল ফোন, স্বর্ণালংকারসহ টাকা-পয়সা নিয়ে পালিয়ে যায়।

ঘটনার পর তার স্বামী ক্রাউলি রেমা বাড়ি ফিরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনার পর থেকে অভিযুক্ত সাব্বির পলাতক রয়েছে বলে জানান ওসি।

ওসি আরও বলেন, 'শিক্ষকের ওপর হামলার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আসামি গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।'