কুড়িগ্রাম অবৈধভাবে বালু উত্তোলন, ৪২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন করায় আদালত স্বপ্রণোদিত হয়ে ৪২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। ব্রহ্মপুত্র, জিনজিরাম, সোনাভারি ও ধরনী নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে ওই ৪২ জন অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন।
আজ বুধবার দুপুরে কুড়িগ্রামের রৌমারী আমলি আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুমন আলি এ আদেশ দেন।
গ্রেপ্তারি পরোয়ানার বিষয়টি নিশ্চিত করে সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী ইসমাঈল হোসেন দ্য ডেইলি স্টারকে জানান, রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) গ্রেপ্তারি পরোয়ানা তামিল করে আগামী ২১ সেপ্টেম্বর আদালতে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে রৌমারী থানার ওসি মোন্তাছের বিল্লাহ দ্য ডেইলি স্টারকে বলেন, 'আদালত থেকে ৪২ জন বালু উত্তোলনকারীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির কথা শুনেছি। এখনও আদালতের কপি পাইনি।'
কপি পেলেই আদালতের নির্দেশ পালন করবেন বলে জানান তিনি।
ওসি আরও বলেন, '৪২টি পয়েন্টের প্রতিটিতে চার থেকে ছয়টি করে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে আসছে বালু উত্তোলনকারীরা। আমি আদালতের নির্দেশে মাঠে ঘুরে ঘুরে সেগুলো পরিদর্শন করে প্রতিবেদন তৈরি করে আদালতে দাখিল করি।'
আদালত সূত্রে জানা গেছে, রৌমারীতে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের সংবাদ আদালতের নজরে আসলে আদালত গত ২ মে রৌমারী থানার ওসিকে তদন্তের নির্দেশ দেন।
তদন্তের পর ওসি আদালতকে জানান, রৌমারী উপজেলার নদ-নদীগুলোর ৪২টি পয়েন্টে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। এসব ড্রেজার মেশিনের কোনো বৈধ কাগজপত্র নেই। ৪২টি পয়েন্টে বালু উত্তোলনের সঙ্গে ৪২ জন জড়িত।
পুলিশের তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আদালত বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারায় অপরাধ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।