খুলনায় ইয়াবাসহ গ্রেপ্তার কনস্টেবলের একদিনের রিমান্ড

নিজস্ব সংবাদদাতা, খুলনা

খুলনার কয়রা উপজেলায় ইয়াবাসহ গ্রেপ্তার পুলিশ কনস্টেবলের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার কয়রা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন খুলনার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মাহবুব হাসান। ওই কনস্টেবলের নাম মো. আল মামুন সরদার (২৫)। তিনি কয়রা থানায় কর্মরত ছিলেন। নড়াইল জেলার লোহাগড়া উপজেলার দিঘোলিয়া গ্রামের মৃত আবু সাঈদ সরদারের ছেলে তিনি।

এসপি জানান, গতকাল বিকেল ৫টার দিকে উপজেলার আমাদী ইউনিয়নের দশবাড়িয়া এলাকায় অভিযান চালায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সেসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলেও তাকে আটক করা হয়। এরপর তার কাছ থেকে ৭১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তীতে কয়রা থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়। আজ আদালতে তার পাঁচ দিনের রিমান্ডের আবেদন করলে একদিনের রিমান্ড মঞ্জুর করা হয়।