খুলনায় ভুয়া চিকিৎসকের কারাদণ্ড, হাসপাতাল সিলগালা
রেজিস্ট্রেশন ছাড়া চিকিৎসা পরিচালনার অভিযোগে খুলনার আরাফাত হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া প্রতিষ্ঠানের পরিচালক চিকিৎসক কামরুজ্জামানের কাগজপত্র না থাকায় তাকে এক বছর ১০ মাসের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন।
আজ বুধবার দুপুরে জেলার রূপসা উপজেলার নৈহাটি এলাকায় অবস্থিত ওই প্রতিষ্ঠানটিতে র্যাব-৬ এর সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব মাহমুদ পাশা।
এ বিষয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব মাহমুদ পাশা ডেইলি স্টারকে বলেন, 'দীর্ঘদিন ধরে কামরুজ্জামান নিজেকে চিকিৎসক পরিচয় দিলেও, অভিযানের সময় তিনি রেজিস্ট্রেশন ও ডাক্তারির কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। এ কারণে, তাকে এক বছর ১০ মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় এবং এক লাখ টাকা জরিমানা করা হয়।'
'টাকা দিতে ব্যর্থ হওয়ায় তাকে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়,' যোগ করেন তিনি।