গাড়িতে সরকারি ভুয়া মনোগ্রাম লাগিয়ে ফেরি পারের চেষ্টা

১০ হাজার টাকা জরিমানা ভ্রাম্যমাণ আদালতের 
নিজস্ব সংবাদদাতা, মুন্সিগঞ্জ 

মুন্সিগঞ্জের শিমুলিয়া ফেরিঘাটে একটি ব্যক্তিগত প্রাইভেটকারে গণপ্রজাতন্ত্রী সরকারের ভুয়া মনোগ্রাম ব্যবহার করে ফেরিতে পদ্মা পারের চেষ্টার অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ জরিমানা করা হয়।
গাড়িটি ঢাকার ধলপুর এলাকা থেকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে হয়ে মাদারীপুরে যাচ্ছিল। লৌহজং উপজেলার শিমুলিয়াঘাটে ভ্রাম্যমাণ আদালত গাড়িটিকে আটক করে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার হামিদ জানান, গণপ্রজাতন্ত্রী সরকারের মনোগ্রাম ব্যবহার করে একটি প্রাইভেটকার শিমুলিয়াঘাটে প্রবেশের চেষ্টা করে। এসময় ভ্রাম্যমাণ আদালত কাগজপত্র যাচাই করে দেখেন ভুয়া মনোগ্রাম। যাত্রী আবদুর রহমান প্রধানমন্ত্রী কার্যালয়ের ত্রাণ তহবিলের পরিচয় দিয়েছিলেন। কিন্তু এটি সঠিক নয়। তিনি সরকারি কোনো সংস্থায় জড়িত নন। ১০ হাজার টাকা জরিমানা করার পর গাড়িটিকে তিন যাত্রীসহ ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। 
তিনি জানান, সকাল থেকে বিকাল পর্যন্ত শিমুলিয়াঘাটে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৬টি মামলায় ১৪ হাজার ৩০০ টাকা জরিমানা করেছেন। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে প্রাইভেটকার, মাইক্রোবাস ও মোটরসাইকেলে যাত্রী বহন করায় এ জরিমানা করা হয়।