চট্টগ্রামে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় র‍্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' মো. আলমগীর ওরফে আলম ডাকাত (৪৫) নামে একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে র‍্যাব-৭।

আজ বুধবার র‍্যাব-৭ এর মিডিয়া অফিসার নুরুল আবছার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করে জানান, আলমগীরের বিরুদ্ধে বাঁশখালী থানায় এবং সিএমপির পাহাড়তলী থানায় বিভিন্ন অভিযোগে অন্তত ৯টি মামলা রয়েছে।

তিনি আরও জানান, গতকাল মঙ্গলবার রাতে ১০/১২ জনের একটি দল ডাকাতির প্রস্তুতি নিতে উপজেলার গণ্ডামারা ইউনিয়নে জড়ো হয়। খবর পেয়ে র‍্যাব সেখানে অভিযান চালালে ডাকাতরা তাদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। ফলে র‍্যাবও পাল্টা গুলি চালাতে বাধ্য হয়। পরে ঘটনাস্থল থেকে আলমগীরের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনাস্থল থেকে ২টি ওয়ান শুটার গান, একটি থ্রি কোয়ার্টার গান, একটি লাইট গান (এলজি), ১১টি গুলি এবং বেশ কয়েকটি ধারালো অস্ত্রও উদ্ধার করেছে র‍্যাব।

মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।