চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

নিজস্ব সংবাদদাতা, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

নিহত ব্যক্তির নাম ইব্রাহিম আলী (২৫)। তিনি আজমতপুর-ডলিপাড়ার আবু তাহেরের ছেলে। মরদেহ বিএসএফ সদস্যরা নিয়ে গেছেন।

স্থানীয় ইউপি সদস্য মনিরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'রাত ২টার দিকে ইব্রাহিম সীমান্ত পার হয়। এসময় বিএসএফ সদস্যরা গুলি চালালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে বিএসএফ সদস্যরা তার মরদেহ নিয়ে যান।

৫৯ বিজিবির অধিনায়ক আমীর হোসেন মোল্লা দ্য ডেইলি স্টারকে বলেন, 'রাত ২ টার দিকে গুলিতে একজন বাংলাদেশি মারা গেছেন বলে নিশ্চিত করেছে বিএসএফ। তার মরদেহ ভারতের মালদহ হাসপাতালে রাখা আছে।'

তিনি বলেন, 'তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। সে আসলে বাংলাদেশি কি না, বিষয়টি তদন্তনাধীন রয়েছে। তবে মরদেহ না দেখে তার পরিচয় সম্পর্কে কিছু বলা যাচ্ছে না।'