চেতনানাশক খাইয়ে কিশোরীকে ধর্ষণ, ২ যুবক কারাগারে

নিজস্ব সংবাদদাতা, ময়মনসিংহ

নেত্রকোণার মদন উপজেলায় রাস্তা থেকে এক কিশোরীকে (১৪) তুলে নিয়ে চেতনানাশক ওষুধ খাইয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বুধবার দুপুরে অভিযুক্তদের নেত্রকোণা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। আর ওই কিশোরীকে নেত্রকোণা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

কারাগারে যাওয়া দুজন হলেন রাব্বি মিয়া (২৫) ও অন্তর মিয়া (২৩)। রাব্বি উপজেলার নায়েকপুর ইউনিয়নের বাঁশরী (বাফলা) গ্রামের নূর মিয়ার ছেলে এবং অন্তর একই গ্রামের মঞ্জিল হকের ছেলে।

এ ঘটনায় কিশোরীটির বাবা গতকাল মঙ্গলবার রাতে ৫ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলার অভিযোগের বরাতে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম জানান, গত ২১ জুলাই সন্ধ্যায় ওই কিশোরী তার মায়ের সঙ্গে এক আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে কেন্দুয়া-মদন সড়কে পাঁচ যুবক তাকে রাস্তা থেকে তুলে নিয়ে যায়।

ওসি আরও জানান, ওই যুবকেরা কিশোরীকে চেতনানাশক খাইয়ে ধর্ষণ করেন।

ওসি আরও জানান, ধর্ষণের শিকার কিশোরীকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে। মামলার পর ওই রাতেই অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয়।