জামিন চেয়েছেন পরীমনি, আটক রাখার আবেদন তদন্ত কর্মকর্তার

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর বনানী থানায় দায়ের করা মাদক মামলায় জামিন চেয়ে আবেদন করেছেন চিত্রনায়িকা পরীমনি। আজ শুক্রবার দুপুরে ঢাকা মহানগর হাকিম ধীমান চন্দ্র মণ্ডলের আদালতে তার জামিন আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।

আবেদনে বলা হয়, পরীমনি একজন প্রথম সারির চলচ্চিত্র নায়িকা। তিনি কয়েকটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছে, তাই জামিন দেওয়া হলে তার পালিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তিনি বন্দি থাকলে বিভিন্ন কোম্পানি ও চলচ্চিত্র নির্মাতাদের সঙ্গে যে চুক্তি হয়েছে তা ভঙ্গেরও সম্ভাবনা আছে।

মামলাটির তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক গোলাম মোস্তাফা পরীমনিকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আটক রাখার আবেদন জানিয়েছেন। আবেদনপত্রে তিনি লিখেছেন, পরীমনিকে জামিন দেওয়া হলে তদন্তে ব্যাঘাত ঘটতে পারে।

এদিন দুপুরে মাদক মামলায় দ্বিতীয় দফায় দুই দিনের রিমান্ড শেষে চিত্রনায়িকা পরীমনি ও তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুকে আদালতে হাজির করা হয়।

আরও পড়ুন

২ দিনের রিমান্ড শেষে পরীমনি আদালতে