জয়পুরহাটে স্ত্রীর মরদেহ উদ্ধার, স্বামীর আত্মহত্যার চেষ্টা
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় আলী আকবর (৪৪) নামে এক ব্যক্তি তার স্ত্রীকে গলা কেটে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। আজ শুক্রবার সকালে উপজেলার সাজিপাড়া গ্রাম থেকে পুলিশ আয়েশা সিদ্দিকা মালেকার (৩৮) মরদেহ উদ্ধার করে। আলী আকবর সাজিপাড়া গ্রামের আমজাদ শাহের ছেলে। তিনি পেশায় সবজি বিক্রেতা।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান দুপুরে দ্য ডেইলি স্টারকে বলেন, আমরা অভিযোগ পেয়েছি, আলী আকবর তার স্ত্রীকে হত্যা করেছেন। এরপর তিনি নিজেও বিষ পানে আত্মহত্যার চেষ্টা করেন। পুলিশ প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
সাইদুর রহমান আরও বলেন, হত্যাকাণ্ডে ব্যবহৃত চুরিটি উদ্ধার করা হয়েছে। ময়মনাতদন্তের জন্য আয়েশা সিদ্দিকার মরদেহ জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আলী আকবরের বড় ভাই আব্দুর রহমান বলেন, আমরা আলাদা বাড়িতে বসবাস করি। আমরা সবাই জানি তাদের স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকতো। ভোরে ঘুম থেকে উঠে প্রতিবেশীদের মাধ্যমে জানতে পারি আকবরের বাড়িতে ছেলে-মেয়ে কেউ নেই এবং সে তার স্ত্রীকে গলাকেটে হত্যা করেছে ও নিজে বিষ পান করেছে।