টাঙ্গাইলে ভ্রাম্যমাণ আদালতে পরিবহন শ্রমিকদের হামলা, ম্যাজিস্ট্রেট আহত 

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল

টাঙ্গাইলের ভূঞাপুরে সড়ক ও পরিবহন আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় পরিবহন শ্রমিকদের হামলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে ভূঞাপুর উপজেলা সদর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

আহত নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ভূঞাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল রনি স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

ভূঞাপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশরাত জাহান দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল রনি পুলিশ নিয়ে দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। সে সময় তিনি সড়ক ও পরিবহন আইনে ২ পরিবহন শ্রমিককে জরিমানা করেন ও অনাদায়ে কারাদণ্ড দেন।

এতে পরিবহন শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে রাস্তায় এলোমেলোভাবে গাড়ি রেখে সড়ক অবরোধ করে। এক পর্যায়ে তারা আবদুল্লাহ আল রনির ওপর হামলা চালায় বলে জানান তিনি।

তিনি আরও জানান, হামলায় আহত এসি ল্যান্ডকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

ইউএনও বলেন, 'উপজেলা প্রশাসনের কার্যালয়ের সামনে প্রধান সড়কের উপর এলোমেলোভাবে যাত্রীবাহী বাস ও অন্যান্য যানবাহন যত্রতত্র পার্কিং করে রাখার ফলে দীর্ঘদিন ধরেই জনদুর্ভোগ হচ্ছিল। এ সমস্যাটি নিয়ে উপজেলার মাসিক আইন শৃঙ্খলা সভায় আলোচনা হয়। এর পরিপ্রেক্ষিতেই সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল রনি এ অভিযান পরিচালনা করেন।'

হামলার ঘটনায় জড়িতদের শিগগির চিহ্নিত করে তাদের বিরুদ্ধে মামলা করা হবে বলেও জানান ইউএনও।

হামলার শিকার এসি ল্যান্ডের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

এ বিষয়ে জানতে চাইলে ভূঞাপুরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওহাব দ্য ডেইলি স্টারকে জানান, ভ্রাম্যমাণ আদালতের রায়ে সাজাপ্রাপ্ত ২ শ্রমিককে পুলিশ যখন সেখান থেকে নিয়ে আসছিল তখন ম্যাজিস্ট্রেটের ওপর হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত কোনো মামলা হয়নি। মামলা হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

তিনি আরও জানান, ঘটনার পর স্থানীয় প্রশাসন ও পরিবহন শ্রমিক নেতাদের মধ্যে ইউএনও অফিসে অনুষ্ঠিত এক বৈঠকে এই ঘটনার জন্য শ্রমিকরা প্রশাসনের কর্মকর্তাদের কাছে ক্ষমা প্রার্থনা করে।