ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিকের বিরুদ্ধে সাবেক এমপির মামলা

নিজস্ব সংবাদদাতা, পাবনা

পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছেন পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজু। আজ শুক্রবার দুপুরে আসাদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার নথি উল্লেখ করা হয়েছে, স্থানীয় অনলাইনে প্রকাশিত একটি সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছেন আসাদ। এতে বাদীর সন্মানহানি হওয়ায় তিনি মামলাটি দায়ের করেছেন।

আসাদ বলেন, গত ৯ জুন ঢাকার বিজ্ঞ সাইবার ট্রাইব্যুনাল আদালতে সাবেক এমপি আজিজুল হক আরজু ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫(২) ও ২৯ ধারায় মামলাটি দায়ের করেছেন। মামলা নম্বর ২৪৫/২০২১। মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক ফোন করায় প্রায় দুই মাস পরে মামলার বিষয়টি আমি জানতে পারি।

সৈকত আফরোজ আসাদ সময় টিভি, দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম'র পাবনা প্রতিনিধি হিসেবে কর্মরত।

তিনি আরও বলেন, সাংবাদিকতার নীতিমালা মেনে সবার সঙ্গে কথা বলে সংবাদ প্রকাশ করা হয়েছে। একই সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
 
মামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় সাংবাদিক সংগঠনগুলো। বিবৃতিতে মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন সংবাদিক নেতারা।

পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান বলেন, অবিলম্বে উদ্দেশ্য প্রণোদিত মামলাটি প্রত্যাহার করা না হলে জেলার সব সাংবাদিক আন্দোলন কর্মসূচি ঘোষণা করবে।