ধরা পড়ে ছিনতাইকারী নিজেই ফোন করলেন ৯৯৯-এ

স্টার অনলাইন রিপোর্ট

মুন্সিগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করেছে গজারিয়া থানা পুলিশ। আজ বুধবার পুলিশ পরিদর্শক (গণমাধ্যম ও জনসংযোগ) আনোয়ার সাত্তার দ্য ডেইলি স্টারকে বলেন, তারা দুজনই পেশাদার অপরাধী।

আনোয়ার সাত্তার আরও বলেন, গতকাল সন্ধ্যা ৬টার দিকে জামালদি বাস স্ট্যান্ড এলাকায় অটোরিকশা নিয়ে পালানোর সময় চালকরা তাদের আটক করেন।

এরা হলেন— নাজমুল (২৫) ও সাথী আক্তার (২৫)। তাদের বাড়ি গজারিয়া উপজেলার পুরান বাউসিয়া এলাকায়। পুলিশের কাছে তারা দম্পতি পরিচয় দিয়েছেন।

গতকাল সন্ধ্যায় সাথী আক্তার জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে বলেন, মিথ্যা চুরির অভিযোগে কিছু মানুষ তাকে ও তার স্বামীকে মারধর করছে। গজারিয়া থানার উপপরিদর্শক (এসআই) মাঈনুদ্দীন ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করেন।

তিনি জানান, গ্রেপ্তার দুজনই পেশাদার অপরাধী। গতকাল বিকেলে তারা একটি ব্যাটারিচালিত অটোরিকশা ভাড়া করে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করেন। এরপর একটি নির্জন জায়গায় গিয়ে চালক হৃদয়কে মারধর করে অটোরিকশাটি নিয়ে তারা পালানোর চেষ্টা করেন। মোবাইল ফোনে হৃদয় বিষয়টি অন্য চালকদের জানালে তারা ধাওয়া করে ২ জনকে আটক করে।