নিখোঁজের প্রায় ১ বছর পর রোহিঙ্গা নেতার মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের একটি পরিত্যক্ত ঘর থেকে প্রায় এক বছর আগে 'নিখোঁজ' রোহিঙ্গা কমিউনিটি নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ৩ জনকে আটক করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন- এপিবিএন।

এপিবিএন জানিয়েছে, ক্যাম্পে আধিপত্য বিস্তারের জের ধরে রোহিঙ্গা নেতা সৈয়দ আমীনকে তার প্রতিপক্ষের লোকজন অপহরণ করেছিলেন। পরে মুক্তিপণ না পাওয়ায় তাকে হত্যা করা হয়েছে।

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের অধিনায়ক পুলিশ সুপার মোহাম্মদ সিহাব কায়সার খান দ্য ডেইলি স্টারকে গতকাল শনিবার রাত সাড়ে ১০ টায় এ তথ্য নিশ্চিত করেন।

আটককৃতরা হলেন, উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ১৪ নম্বর হাকিম পাড়া রোহিঙ্গা ক্যাম্পের ই-৩ ব্লকের বাসিন্দা মোহাম্মদ ইসলাম (২২), একই ব্লকের আব্দুল মোনাফ (২৬) ও মো. ইলিয়াছ (২৮)।

নিহত সৈয়দ আমীন (৪০) টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ২১ নম্বর চাকমারকূল রোহিঙ্গা ক্যাম্পের সি-৪ ব্লকের মৃত মুসা আলীর ছেলে। তিনি চাকমারকূল ২১ নম্বর ক্যাম্পের সি-৪ ব্লকের সহকারী মাঝি ছিলেন।

পুলিশ সুপার সিহাব কায়সার গণমাধ্যমকে বলেন, 'আটককৃতরা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, চলতি বছরের জানুয়ারি মাসে আধিপত্য বিস্তারের জেরে মাঝি সৈয়দ আমীনকে তার প্রতিপক্ষ লোকজন অপহরণ করেন। পরে তাকে উখিয়ার ১৪ নম্বর হাকিম পাড়া রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে আসেন। স্বজনদের কাছ থেকে মুক্তিপণ বাবদ ৮০ হাজার টাকা দাবি করা হয়। কিন্তু স্বজনরা টাকা না দেওয়ায় মোহাম্মদ শুক্কুরের নেতৃত্বে ২০-২৫ জন দুর্বৃত্ত সৈয়দ আমীনকে হত্যা করেন। পরে তার মরদেহ ক্যাম্পের সাবেক মাঝি ইয়াকুবের পরিত্যক্ত ঘরের মেঝেতে মাটি চাপা দেওয়া হয়।'

এপিবিএনের অধিনায়ক আরও বলেন, 'আটককৃতদের স্বীকারোক্তির ভিত্তিতে শনিবার দুপুরে রোহিঙ্গা ক্যাম্প প্রশাসন সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে ইয়াকুবের পরিত্যক্ত ঘর থেকে মাটি চাপা অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়।'

তিনি জানান, মরদেহ উদ্ধারের পর স্বজনদের খবর দেওয়া হলে সৈয়দ আমীনের স্ত্রী হাসনা বশরী ঘটনাস্থলে এসে কাপড়, মাথার চুল ও কোমরের বেল্ট দেখে স্বামীর মরদেহ শনাক্ত করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য উখিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোরশেদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'এ বিষয়ে মামলা রুজু করা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য আজ রোববার সকালে কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।'