পটুয়াখালীতে ব্যবসায়ী শিবু লালকে অপহরণের ঘটনায় গ্রেপ্তার ৬

নিজস্ব সংবাদদাতা পটুয়াখালী

পটুয়াখালীতে মুক্তিপণ হিসেবে ২০ কোটি টাকার দাবিতে ব্যবসায়ী শিবু লাল দাসকে অপহরণের ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতদের রোববার দুপুরে পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশে জেলহাজতে পাঠানো হয়েছে।

পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার আহমাদ মাঈনুল হাসান এ সব তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন-শামীম আহমেদ (৩৯), আখতারুজ্জামান সুমন (৩২), আতিকুর রহমান পারভেজ (৩২), গাজী মিজানুর রহমান ওরফে সাবু গাজী (৪০), বিল্লাল (৪১) ও সাব্বির হোসেন ওরফে জুম্মান (২২)। তারা সবাই পটুয়াখালী শহরের বিভিন্ন এলাকার বাসিন্দা।

শনিবার রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গত ১১ এপ্রিল রাতে এ 'অপহরণের' ঘটনা ঘটে এবং ১২ এপ্রিল রাতে শহরের কাজীপাড়ায় এস‌পি কমপ্লেক্সের আন্ডারগ্রাউন্ড থেকে ব্যবসায়ী শিবু লাল দাসকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

রোববার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার আহমাদ মাঈনুল হাসান এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, 'ল্যাংড়া মামুনসহ ৩ জন এ ঘটনার মূল পরিকল্পনাকারী। প্রায় ১০ থেকে ১৫ জন অপহরণকারী এ ঘটনায় জড়িত। তাদের অধিকাংশই গা ঢাকা দিয়েছে। পুলিশ তাদের গ্রেপ্তারে সচেষ্ট আছে।'

পুলিশ জানায়, 'মুখোশ পরা একদল অপহরণকারী ব্যবসায়ী শিবু লাল দাস ও তার গাড়ির চালককে অপহরণ করেন। তারা শিবু লালের মোবাইল থেকে তার স্ত্রীকে ফোন দিয়ে ২০ কোটি টাকা মুক্তিপণ দাবি করে।'

এ ঘটনায় শিবু লাল দাসের ছেলে বুদ্ধদেব দাস পটুয়াখালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

পুলিশ অপহরণের কাজে ব্যবহৃত ব্যাটারিচালিত অটোরিকশার চালক বিল্লাল প্যাদাকে শনাক্ত ও গ্রেপ্তার করেছে।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে অন্যান্যদের গ্রেপ্তার করা হয় বলে জানান পুলিশ কর্মকর্তা মাঈনুল হাসান।