পদ্মায় মা ইলিশ ধরায় ৫ জেলের কারাদণ্ড, ২ জনকে জরিমানা
সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় মা ইলিশ শিকারের অপরাধে মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদীতে অভিযান চালিয়ে ১৪ জেলেকে আটক করে ভ্রাম্যমাণ আদালত। তাদের মধ্যে ৫ জনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড, দুজনকে ৬ হাজার টাকা জরিমানা এবং ৭ জনের বয়স ১৮ বছরের নিচে হওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়।
আজ মঙ্গলবার সকাল ৭টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক ও বিচার করেন লৌহজং উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার হামিদ।
লৌহজং উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান আসাদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, 'মা ইলিশ রক্ষা অভিযানে ৫ জেলেকে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া, একজনকে ৪ হাজার টাকা, আরেক জনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে প্রায় ২ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া, ১০ কেজি মা ইলিশ জব্দ করে সেগুলেঅ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে। মাছ শিকারের একটি নৌকাও জব্দ করা হয়।'