ডুবে যাওয়া জাহাজ থেকে পদ্মা সেতুর মালামাল চুরি, গ্রেপ্তার ১৩

স্টার অনলাইন রিপোর্ট

বঙ্গোসাগরের প্রায় ৩০ ফুট নিচে ডুবে থাকা জাহাজ থেকে পদ্মা সেতুর জন্য আনা মালামাল চুরির ঘটনায় চট্টগ্রামের শাহ মীরপুর এলাকা সংলগ্ন কর্ণফুলী নদী থেকে একটি চক্রের ১৩ সদস্যকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম নৌ পুলিশ।

নৌ পুলিশ চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার কীর্তিমান চাকমা বলেন, 'গোপন সংবাদের ভিত্তিতে ২টি ইঞ্জিনচালিত নৌকাসহ প্রায় ৪ দশমিক ৫ টন গ্যালভানাইজিং লোহার অ্যাঙ্গেল এই চক্রের কাছ থেকে আজ সোমবার ভোরে উদ্ধার করেছি আমরা।'

গ্রেপ্তারদের মধ্যে ২ জন ডুবুরিও আছেন বলে জানান তিনি।

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, 'গ্রেপ্তাররা স্বীকার করেছেন, চট্টগ্রামের কয়েকজন স্ক্র্যাপ ব্যবসায়ীর সঙ্গে যোগসাজশে তারা পদ্মা সেতুর জন্য আনা এই মূল্যবান লোহার অ্যাঙ্গেল বঙ্গোসাগরের প্রায় ৩০ ফুট নিচে ডুবে থাকা জাহাজ থেকে চুরি করেছেন।'

ঠিকাদারী প্রতিষ্ঠান বিভিন্ন সময়ে প্রায় ৪৫ শতাংশ মালামাল ডুবে যাওয়া জাহাজ থেকে সরিয়ে নিতে পেরেছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা ।

'গত প্রায় ১০ দিন ধরে ঠিকাদারী প্রতিষ্ঠানের কাজ বন্ধ থাকায় চক্রটি সেখান থেকে মালামাল চুরি করে", উল্লেখ করেন কীর্তিমান।

গত ১৩ জুলাই চট্টগ্রাম থেকে পদ্মা সেতুর জন্য ১ হাজার ২০০ মেট্রিক টন লোহার অ্যাঙ্গেল বহনকালে জাহাজ এমভি হ্যাং গ্যাং-১ ভাসানচরের কাছে বঙ্গোপসাগরে ডুবে যায়।