পরীমনির রিমান্ড বিষয়ে ২ বিচারককে আবার ব্যাখ্যা দিতে হবে
মাদক মামলায় চিত্রনায়িকা পরীমনিকে দ্বিতীয় ও তৃতীয় দফায় রিমান্ডে নেওয়ার বিষয়ে নিম্ন আদালতের ২ বিচারককে আবারও ব্যাখ্যা দিতে বলেছেন আদালত। আজ বুধবার সকালে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দিয়েছেন।
আগামী ২৪ অক্টোবর শুনানির জন্য তারিখ নির্ধারণ করেছেন আদালত। আদালতে অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন দুই বিচারককে ক্ষমা করে দেওয়ার অনুরোধ জানান।
তিনি বলেন, তারা (মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস ও আতিকুল ইসলাম) খুবই তরুণ কর্মকর্তা এবং তাদের প্রশিক্ষণের ঘাটতি রয়েছে।
হাইকোর্ট ও আপিল বিভাগের রায় না মেনে চিত্রনায়িকা পরীমনিকে বারবার রিমান্ডে নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে গত ২৯ আগস্ট উচ্চ আদালতে আবেদন করে আইন ও সালিশ কেন্দ্র।
গত ১৫ সেপ্টেম্বর নিম্ন আদালতের ২ বিচারকের ব্যাখ্যায় অসন্তোষ প্রকাশ করেন হাইকোর্ট। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের হাইকোর্ট বেঞ্চ বলেন, নিম্ন আদালতের ২ বিচারক আমাদের আন্ডারমাইন করেছেন।