পাবনায় গৃহবধুকে কুপিয়ে হত্যা, আটক ১

নিজস্ব সংবাদদাতা, পাবনা

পাবনার ঈশ্বরদী উপজেলায় গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগে সুমন আলী (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে ঈশ্বরদী উপজেলার মুনশিদপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সুমন আলীর বাড়ি উপজেলার সরাইকান্দি গ্রামে। তার বাবার নাম আজগর আলী।

তিনি বলেন, পূর্ব শত্রুতার জের ধরে সুমন আজ সকাল সাড়ে ৭টার দিকে হামলা চালান। নিহত শারমীন শিলা (৩২) তখন গৃহস্থালি কাজ করছিলেন। তার স্বামী রানাউর রহমান ঘুমিয়ে ছিলেন। সুমন বাড়িতে ঢুকেই শারমিনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারি কুপিয়ে আহত করেন। শারমিনের চিৎকারে রানাউর এগিয়ে এলে সুমনের হামলায় তিনিও আহত হন। রানাউরের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে সুমন ৩ তলা বাড়ির ছাদ থেকে নিচে পড়ে যান। এলাকাবাসী তাকে আহত অবস্থায় আটক করে থানায় জানায়। এর মধ্যে ঘটনাস্থলেই শারমিনের মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুমনকে আটক করে।

আসাদুজ্জামান আরও বলেন, নিহত গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। রানাউর রহমানকে চিকিৎসার জন্য পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি পাঠানো হয়েছে। আটক সুমন পুলিশ হেফাজতে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।