পুলিশ হেফাজত থেকে পালালো মাদক মামলার আসামি

নিজস্ব সংবাদদাতা, বেনাপোল

যশোরে পুলিশ হেফাজত থেকে পালিয়ে গেছেন মাদক মামলার আসামি রাজু শেখ ওরফে রাজন।

আজ মঙ্গলবার দুপুরে যশোর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পশ্চিম গেটের সামনে ইজিবাইক থেকে পালিয়ে যায় রাজু শেখ। পুলিশ তাকে ধাওয়া করলেও আটক করতে ব্যর্থ হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'পালিয়ে যাওয়া আসামি রাজুকে আটকে অভিযান জোরদার করা হয়েছে।'

তিনি আরও বলেন, '৩ পুলিশ কনস্টেবল ইজিবাইকে করে আসামি রাজু শেখ ওরফে রাজনকে শার্শা থানা থেকে যশোরে আদালতে নিয়ে আসছিল। তারা যশোর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের পশ্চিম গেট দিয়ে ঢুকতেই ওই আসামি পুলিশকে ধাক্কা দিয়ে চলন্ত ইজিবাইক থেকে দৌড়ে পালিয়ে যায়। রাজুর পিছু নিয়ে পুলিশকে দৌড়াতে দেখে একজন হিজড়া তাকে ধরে ফেললে হাতে কামড় দিয়ে পালিয়ে যায়।'

ওসি জানান, রাজু শেখকে ইয়াবাসহ আটক করা হয়েছিল। শার্শা থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে তার বিরুদ্ধে।

জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাইফুল ইসলাম ঘটনাস্থলে পরিদর্শন করেছেন। ডিবি পুলিশও ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানান ওসি।