ফরিদপুরে ইউপি চেয়ারম্যান সহিদুল ইসলাম অস্ত্রসহ গ্রেপ্তার
ফরিদপুরে যুবলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান সহিদুল ইসলাম ওরফে মজনুকে (৪৬) অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার রাত ৮টা ৫০ মিনিটের দিকে ফরিদপুর সদরের ঈশানগোপালপুর থেকে চন্ডিপুরগামী আঞ্চলিক সড়কে বাবু বাড়ির মোড় থেকে একটি মাইক্রোবাস তল্লাশি করে ইউপি চেয়ারম্যান সহিদুল ইসলাম ও মাইক্রোবাসের চালক মো. সোহেল মণ্ডলকে (২৯) আটক করেছে ফরিদপুর গোয়েন্দা পুলিশের একটি দল।
ওই সময় গাড়িতে থাকা অজ্ঞাতনামা একজন পালিয়ে যান।
আজ শনিবার ফরিদপুর গোয়েন্দা পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সহিদুল তার কাছে অবৈধ আগ্নেয়াস্ত্র আছে বলে স্বীকার করে। পরে তার দেহ তল্লাশী করে ডানপাশের কোমরে গোজা অবস্থায় একটি গুলি ভর্তি বিদেশি পিস্তল ও একটি কালো রঙের নোকিয়া বাটন ফোন জব্দ করা হয়। এছাড়া মো. সোহেল মণ্ডলের দেহ তল্লাশী করে তিনটি গুলি উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে তাদের ব্যবহৃত একটি কালো রংয়ের টয়েটা মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
এ ঘটনায় শুক্রবার রাতে গোয়েন্দা পুলিশের উপ-পরির্দশক (এসআই) ভাস্কর কুণ্ডু বাদী হয়ে ফরিদপুর কোতয়ালী থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইনে মামলা করেন।
সহিদুল ইসলাম ঈশান গোপালপুর ইউনিয়নের চকফতেপুর গ্রামের নূরুদ্দিন শেখের ছেলে। তিনি জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য। বর্তমানে তিনি ঈশাপন গোপালপুর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান।
ফরিদপুর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম বলেন, 'আজ বিকেলে ৫ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে সহিদুল ইসলাম ও তার সহযোগী সোহেল মন্ডলকে ফরিদপুরের এক নম্বর আমলি আদালতে সোপর্দ করা হয়েছে।'