বগুড়ায় আওয়ামী লীগ নেতা রকিকে কুপিয়ে হত্যা
বগুড়া সদর উপজেলার ফাঁপোর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোমিনুর ইসলাম রকিকে (৩২) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার রাত ৯টায় এ ঘটনা ঘটে।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ।
তিনি বলেন, 'আজ রাত ৯টায় স্থানীয় বাজার ফাঁপোর-হাটখোলায় ২০-৩০ জন দুর্বৃত্ত রকিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।'
'যারা রকির ওপর হামলা চালিয়েছে, আমরা মোটামুটি তাদের পরিচয় পেয়েছি এবং তাদের ধরার জন্যে অভিযান চালাচ্ছি। রকির মরদেহ মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি', বলেন ফয়সাল মাহমুদ।
বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান শফিক ডেইলি স্টারকে বলেন, 'রকি ফাঁপোর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। অবশ্যই এই হত্যার বিচার করতে হবে।'