বলাৎকারে অভিযুক্তকে পালানোয় সহায়তা, অধ্যক্ষসহ ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার
মানিকগঞ্জের সিংগাইরে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা ও অভিযুক্ত শিক্ষককে পালিয়ে যেতে সহযোগিতার অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষকসহ ৩ শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মাদ্রাসা অধ্যক্ষ মুফতি সাইফুল ইসলাম, শিক্ষক মুফতি আব্দুল আউয়াল ও ক্বারী সাইফুল ইসলাম।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম মোল্ল্যা জানান, মাদ্রাসার ওই শিক্ষার্থীকে (৯)প্রায়ই যৌন নিপীড়ন করতেন শিক্ষক মো. রমজান আলী। গত ১১ সেপ্টেম্বর মাদ্রাসার মধ্যেই শিশুটিকে বলাৎকার করা হয়। এ ঘটনা বলে দেয় শিশুটি। স্থানীয়ভাবে মীমাংসার মাধ্যমে ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করা হয়।
তিনি জানান, ঘটনার পরই পালিয়ে যান অভিযুক্ত শিক্ষক। তার গ্রামের বাড়ি পাবনার ভেড়ামারায়। বিষয়টি জানার পর গতকাল রাতে ঘটনাস্থলে গিয়ে আমরা অভিযোগের সত্যতা পাই। অভিযুক্ত শিক্ষক রমজানকে পালিয়ে যেতে সহযোগিতা করার অপরাধে রাতেই অধ্যক্ষসহ তিন শিক্ষককে গ্রেপ্তার করেছি।'
এ ঘটনায় শিশুটির দাদী বাদী হয়ে সিংগাইর থানায় মামলা করেছেন। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।